শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২২:০৪ পিএম
শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন হরিনগর বাজারে জেলে, বাওয়ালী ও মৌয়ালদের সাথে বিভিন্ন পেশাজীবী মানুষ পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে জেলে, বাওয়ালী ও মৌয়ালদের সাথে বিভিন্ন পেশাজীবী মানুষ পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে করেছে।
রবিবার সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন হরিনগর বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এদিকে দুপুরে বনদস্যু নির্মূলের দাবিতে শ্যামনগর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি প্রদান করা হয়। এতে সুন্দরবন নির্ভর কয়েক হাজার জেলে, বাওয়ালি ও স্থানীয় মানুষ অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জিএম রস্তুম আলী, সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম, বিএনপি নেতা আমির হামজা আবু, ইউপি সদস্য জলিল গাজী, ইউপি সদস্য জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক সরদার, মাছিদুর রহমান বাবু, মিয়ারাজ হোসেন, জামাত নেতা আবুল হোসেন, বাবলুর রহমান, জেলেদের পক্ষে অমেদ আলী ও বিশিষ্ট সমাজ সেবক কৃষপদ পরমাণ্য প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বনদস্যুদের ভয়ে জেলে-বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে প্রবেশ করতে পারছে না। অনেকে মুক্তিপণ দিতে দিতে নিঃস্ব হয়ে পড়েছে। আবার মুক্তিপণ দিতে দেরী হওয়ায় অনেককে হাত ও পা ভেঙে পঙ্গু করে দেওয়া হয়েছে। অপহরণ ও মুক্তিপণ আতঙ্কে তাঁদের পরিবারগুলো উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। একারণে স্যালেন্ডারের নাটক বন্ধ করে প্রকাশ্যে দস্যুদের শাস্তি দিতে হবে। দরকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে এক হয়ে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও যারা এলাকায় বসে ডাকাতদের সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
বনবিভাগের উদ্দেশ্য বক্তারা বলেন, একদিক বনদস্যুদের মুক্তিপণ অপরদিকে পাস পারমিট থাকার পরও বন কর্মকর্তারা বিভিন্নভাবে অতিরিক্ত টাকা আদায় করছেন। আবার ড্রোন দিয়ে জেলে ধরছে, কিন্তু ডাকাতদের বেলার তাদের সেই ড্রোন কোথায় যায়। নিরীহ জেলেদের না ধরে, ডাকাত ধরে দেখানোর দাবি জানান।