কেরানীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২০:১৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৬ ২০:১৭ পিএম
মোটরসাইকেল আরোহীকে চাপাতি দিয়ে কুপিয়ে মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে চাপাতি দিয়ে কুপিয়ে মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক সংবাদ
সম্মেলনে এসব তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক।
গ্রেপ্তারকৃতরা হলোÑ দক্ষিণ কেরানীগঞ্জের
আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকার রাজিব হোসেন রাজু ও আব্দুল্লাহপুর পশ্চিমপাড়া
এলাকার আবু সাঈদ।
তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন, নগদ দুই
হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক জানান, শনিবার রাত
১টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের
গ্রেপ্তার করা হয়। গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের
আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে ছিনতাইয়ের শিকার হন মো. সুজন মিয়া। তিনি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পালড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে ঢাকার আশুলিয়ার
নবীনগর গাজীরচট এলাকায় বসবাস করেন।
পুলিশ সুপার আরো জানান, ঘটনার দিন মোটরসাইকেল নিয়ে ওই
সড়ক দিয়ে যাওয়ার সময় গতি কমালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ধারালো চাপাতি
ও চাকু দেখিয়ে তার মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয় তারা। একপর্যায়ে এক ছিনতাইকারী
চাপাতি দিয়ে সুজনের বাঁ হাতের কবজির ওপর দুটি কোপ দেয়। এতে তার হাত গুরুতর জখম হয়।
পরে ছিনতাইকারীরা তার কাছে থাকা দুটি মুঠোফোন ও নগদ
আট হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, এ ঘটনায় সুজন মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ
থানায় মামলা করেন। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ
থানার এএসআই সুজেল মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে রাজিব হোসেন রাজু ও আবু সাঈদকে
গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাজিবের কাছ থেকে ছিনতাই হওয়া
স্মার্টফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। অপর আসামি আবু সাঈদের কাছ
থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া নগদ দুই হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে
জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।