খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২০:১০ পিএম
খাগড়াছড়ি শহরে এক কিশোরের গলায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ। ছবি: সিসিটিভি ফুটোজ থেকে নেওয়া
খাগড়াছড়ি শহরে ১৪ বছর বয়সি এক কিশোরের গলায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে। দিনের আলোয় জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
রবিবার সকাল আনুমানিক ৮টার দিকে খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের পাশে সালাউদ্দিন স্টোর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, অজ্ঞাত এক ব্যক্তি তার কাছে এসে পিস্তল ঠেকিয়ে মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এ ঘটনায় কিশোরটি আতঙ্কিত হয়ে পড়ে।
ঘটনার পর ভুক্তভোগীর স্বজনরা খাগড়াছড়ি সদর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দিনের বেলায় একজন কিশোরের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ঘটনার তদন্ত, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় এখনো পুলিশের শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।