কক্সবাজার অফিস
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৯:৪৫ পিএম
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকা থেকে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার সহ ৯ পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকা থেকে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার সহ ৯ পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড। গত শনিবার রাতে এ অভিযান চালানো হয়।
রবিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার মো. ফুরকান (৬০), সৈয়দ নূর (৩২), তৌফিক ইসলাম (৩৪), ইকবাল হোসেন (৩৫), কর্ণফুলি থানার সাদ্দাম হোসেন (৩৪), রফিক আহমেদ (৬০), কক্সবাজারের চকরিয়ার আ. শাহজাহান (৪৪), লক্ষ্মীপুরের কমলনগরের আলাউদ্দিন (৪৪), মো. আব্বাস (৪৭)।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় শনিবার দিবাগত রাত ২টায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে দল ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র হতে আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১০ হাজার কেজি ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সার, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।