কাউনিয়া (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৯:২১ পিএম
ডান পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫০ পেয়ে কৃতিত্ব দেখিয়েছে কলি রানী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শারীরিক সীমাবদ্ধতা, অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবলের কাছে হার মানতে বাধ্য, তার এক অনন্য দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন রংপুরের কাউনিয়ার অকুতোভয় তরুণী কলি রানী।
জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই। নেই কলম ধরার সাধ্য। কিন্তু মনের মধ্যে যে আলো, তাকে নিভতে দেয়নি সে। ডান পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫০ পেয়ে কৃতিত্ব দেখিয়েছে।
উপজেলার গদাই গ্রামের মনোরঞ্জন রায়ের মেয়ে কলি। তিন ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট। তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই বাবাকে হারায় সে। এরপর থেকে মা রূপালী রানীর পরম মমতা আর সাহসেই পথ চলা তার। মা রূপালী রানী জানান, জন্মগত প্রতিবন্ধকতা থাকলেও কলি কখনও দমে যায়নি। পারিবারিক সহযোগিতা, সহপাঠীদের আন্তরিকতা ও শিক্ষকদের অনুপ্রেরণাকে সঙ্গী করে নিজের চেষ্টায় আজ সে এতদূর এসেছে।
পড়াশোনার পাশাপাশি কলির রয়েছে বহুমুখী প্রতিভা। ডান পা দিয়েই সে অনায়াসে মোবাইল ও কম্পিউটার চালাতে পারে। শুধু তাই নয়, গানেও রয়েছে তার দারুণ দখল। ইতোমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে কুড়িয়েছে সুনাম। পেয়েছে একাধিক পুরস্কার ও প্রশংসা।
কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বলেন, বোর্ডের নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা থাকলেও কলি সবার সঙ্গে বসেই পরীক্ষা দেবে বলে জানিয়েছিল। তার কথামতোই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিয়েছে। নিয়ম অনুসারে অতিরিক্ত ৩০ মিনিট সময় পেয়েছে। খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রতিটি পরীক্ষা শেষ করেছে। সে সফলভাবে পাস করায় ভালো লাগছে। কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম বলেন কলি রানী পা দিয়ে লিখেই জিপিএ-৩.৫০ পেয়েছে। আমরা তার এ ফলাফলে খুবই খুশি।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কলি বলেন, তিনি উচ্চশিক্ষা শেষ করে একজন বিসিএস ক্যাডার হতে চান এবং দেশ ও মানুষের সেবা করতে চান। তিনি প্রমাণ করতে চানÑ শারীরিক প্রতিবন্ধকতা কখনও স্বপ্নপূরণের পথে প্রাচীর হতে পারে না। উচ্চশিক্ষা ও স্বপ্নের ক্যাম্পাসে পড়াশোনার জন্য কলি রানী ও তার পরিবার সবারর আশীর্বাদ ও বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।