জুড়ী (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৯:০৪ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৬ ১৯:০৭ পিএম
পিতা-মাতার সঙ্গে তাহমিনা আক্তার মৌমি। ছবি: সংগৃহীত
দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা আক্তার মৌমি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। মেধা, সাহস ও অদম্য ইচ্ছাশক্তির জোরে তার এই অর্জন। তিনি দেখিয়ে দিলেন দৃঢ় মনোবল থাকলে স্বপ্নপূরণ সম্ভব। কোনো বাধাই এতে অন্তরায় নয়।
এবার সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার সামগ্রিক পাসের হার কিছুটা নিম্নমুখী হলেও মৌমির এই অসাধারণ সাফল্য শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে।
মৌমি সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থী। তার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামে। তিনি আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির মেয়ে। ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি অত্যন্ত মনোযোগী ছিলেন।
বর্তমানে তিনি সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করা শিক্ষাপ্রতিষ্ঠান গ্রিন ডিসএবিল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। জিডিএফের নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান সন্তোষ প্রকাশ করে বলেন, মৌমি প্রথম শ্রেণি থেকেই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থী। তার এই গৌরবোজ্জ্বল সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
নিজের সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মৌমি বলেন, চোখে পৃথিবীর আলো দেখতে পাই না, সত্যি। কিন্তু স্বপ্ন দেখার অধিকার তো সবারই আছে। এই অর্জন আমার একার নয়। আমার বাবা-মা, শিক্ষক এবং জিডিএফের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। শারীরিক সীমাবদ্ধতা যে পড়াশোনার পথে বাধা হতে পারে না, তা আমি কাজের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছি। ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবা করতে চাই।
মেয়ের এমন অসাধারণ অর্জনে আবেগাপ্লুত বাবা আব্দুল আহাদ বলেন, আমার মেয়ে জন্ম থেকেই চোখে দেখে না। কিন্তু ওর পড়াশোনার প্রতি আগ্রহ দেখে আমরা কখনও ওকে পিছু হটতে দিইনি। আজ ওর এই সাফল্যে মা-বাবা হিসেবে আমরা কতটা গর্বিত, তা ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই আমার মৌমির জন্য দোয়া করবেন, যেন সে তার লক্ষ্য পূরণ করতে পারে।
দৃষ্টিশক্তি না থাকায় মৌমিকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে শ্রুতিলেখকের সহায়তায়। এবারের পরীক্ষায় তার শ্রুতিলেখক হিসেবে সহযোগিতা করেন পল্লব রায়। তিনি হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন। মৌমির মুখে বলা উত্তরগুলো পরীক্ষার খাতায় লিখে দিয়ে তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পল্লব।
তাহমিনা আক্তার মৌমির এই অর্জন কেবল জিপিএ-৫ পাওয়ার গল্প নয়। এটি আত্মবিশ্বাস, দীর্ঘ সাধনা ও হার না মানা মানসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দেখিয়ে দিয়েছেন, ইচ্ছাশক্তি থাকলে এবং উপযুক্ত সুযোগ পেলে প্রতিকূলতার পাহাড় পেরিয়েও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। মৌমির এই অনন্য সাফল্যে তার পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।