মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৮:৪১ পিএম
মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মেহেরপুর মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত ১১০নং পিলারের কাছে হাবিলদার শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেন। পরে দুপুরের দিকে দুই ব্যক্তিকে ব্যাগসহ সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩.৯৪১ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
আটককৃতদের মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।