× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনদুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করতে হবে: চসিক প্রশাসক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৮:২৬ পিএম

চট্টগ্রাম নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের ব্যারিস্টার সোলতান আহমেদ কলেজ রোড পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের ব্যারিস্টার সোলতান আহমেদ কলেজ রোড পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ কমাতে চলমান উন্নয়নকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে দোকানের সামনে যত্রতত্র ময়লা ফেললে সংশ্লিষ্ট দোকানদারদের জরিমানার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

রবিবার নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের ব্যারিস্টার সোলতান আহমেদ কলেজ রোড পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, এ বছর অতিবৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমেছে। পাশাপাশি বিভিন্ন খালে চলমান উন্নয়ন ও খননকাজের কারণে কিছু এলাকায় সাময়িকভাবে পানি চলাচলে বিঘ্ন ঘটছে। খননকৃত মাটি সড়কে পড়ে থাকায় মানুষের চলাচলেও সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রশাসক বলেন, সড়কে পড়ে থাকা খননকৃত মাটি দ্রুত সরিয়ে নিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) নির্দেশ দেওয়া হয়েছে। বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ দ্রুত শেষ করতে বিদ্যুৎ বিভাগকেও বলা হয়েছে। সিটি কর্পোরেশনের ড্রেনেজ উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করা হবে। প্রয়োজনে অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত করে ড্রেনের মাটি ও বর্জ্য অপসারণ করা হবে।

নাগরিক দায়িত্বের প্রসঙ্গ তুলে প্রশাসক বলেন, নগরীর সমস্যা সমাধানে শুধু সিটি কর্পোরেশনকে দায়ী করলে চলবে না, নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। 

দোকানদারদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক দোকানের সামনে নিজস্ব ডাস্টবিন বা ময়লা ফেলার ঝুড়ি রাখতে হবে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন রাত ১১টায় গাড়ি নিয়ে ময়লা সংগ্রহে আসেন। এরপরও যত্রতত্র ময়লা ফেলা কোনোভাবেই কাম্য নয়। দোকানের সামনে ময়লা পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকানদারকে জরিমানার আওতায় আনা হবে। এ বিষয়ে ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন নগরবাসীর সেবা ও দুর্ভোগ লাঘবে নিরলসভাবে কাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।

এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা