মাদারীপুরের শিবচরে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে তাইজুল ইসলাম নামে এক জামায়াত নেতার বাড়ি-ঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে রবিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকশ নারী-পুরুষ একত্রিত হয়ে তাইজুল ইসলামের বাড়ি-ঘরে ভাঙচুর চালান। তিনি জামায়াতে ইসলামীর নিলখী ইউনিয়ন শাখার নেতা ছিলেন। সম্প্রতি তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডে গ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এর জেরেই বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে, গত ২৭ অক্টোবর জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ছড়িয়ে পড়া ভিডিওর নারীকে নিজের স্ত্রী বলে ব্যক্তিগত ফেসবুক পোস্টে দাবি করেছেন তাইজুল ইসলাম।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে নিলখী পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।