সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৭:৩৬ পিএম
সিরাজগঞ্জে আত্মসমর্পণ করেছেন ৬৫ জন্য চরমপন্থী সদস্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে ফিরতে সিরাজগঞ্জ এসআরবি-১২ হেডকোয়ার্টারে আত্মসমর্পণ করেছেন সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন্য চরমপন্থী সদস্য।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২) সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠানটি শুরু হয়। এরপর পালাক্রমে বক্তব্য রাখেন অতিথিরা। এরপর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা।
এসআরবি সূত্র জানায়, আত্মসমর্পণকারী ৬৫ জনের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, রাজবাড়ী জেলার ১৩ জন ও পাবনা জেলার ৪৫ জন চরমপন্থী সদস্য রয়েছেন।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২) সদর দপ্তরের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলিম, এসআরবি-এর মহাপরিচালক আহসান হাবিব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্ণেল ইফতেখার আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাইদ ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আখতার জাহান।
এসময় সিরাজগঞ্জ এবং নাটোর জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই দুজন চরমপন্থী সদস্য তাদের চরমপন্থা জীবনের দুর্বিষহ চিত্র তুলে ধরে আগের ভুল-ভ্রান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। নতুন জীবনে ফিরতে সাহায্য করায় সরকার ও এসআরবির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার।
অন্যদিকে আমন্ত্রিত অতিথিরা তাদেরকে অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে ফেরায় স্বাগত জানান এবং আগামীতে ভালো কাজের জন্য আহ্বান জানান। অপরাধ নির্মুলে আত্মসমর্পণও একটি পথ বলেও উল্লেখ করেন এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, “যারা এখনো ভুল পথে আছেন তাদের আমি অনুরোধ করব আপনারা এখনই সঠিক পথে চলে আসুন। আমরা কেউ জন্মগ্রহণ করেই সর্বহারা, চরমপন্থী হই না। বিভিন্ন কারণে আমরা ভুল পথে যাই, সেজন্য আপনারা আজ যারা ভুল পথ থেকে সঠিক পথে আসলেন আপনাদের সাথে আরও যারা আছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসবেন।”
তিনি বলেন, “বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে ভুল পথ থেকে সঠিক পথে আসা মানুষের কল্যাণে প্রকল্পের মাধ্যমে পূনর্বাসন করে আত্মনির্ভরশীল করার জন্য কাজ করছে।”
তিনি আরও বলেন, “আমরা এখানে আত্মসমর্পণ করা প্রত্যেকের পুনর্বাসনের ব্যবস্থা করব। এজন্য তাদের কী প্রয়োজন সেটা জানা টা খুবই জরুরি।”
তবে এদিন কোনো অস্ত্র জমা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, এর আগে চরমপন্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবশেষ ২০২৩ সালের ২১ মে তৎকালীন র্যাব-১২ বর্তমান এসআরবি-১২ হেডকোয়ার্টারে সিরাজগঞ্জে সাত জেলার ৩ শতাধিক চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেন।