× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমজ সন্তান জিপি-৫ পাওয়ায় বাবা-মার মুখে হাসি

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৪:০৭ পিএম

জিপি-৫ পাওয়া যমজ বোন রহিমা ও রাবেয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জিপি-৫ পাওয়া যমজ বোন রহিমা ও রাবেয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংসারে অভাব, বেকার বাবা, পড়াশোনার খরচ জোগাতে মায়ের কঠিন সংগ্রাম। কখনো শিক্ষকের সহযোগিতা, কখনো উপবৃত্তিÑএভাবেই নানা প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে এগিয়ে গেছেন তারা।

স্বপ্ন ছিল ভালো ফল করে বাবার মুখে হাসি ফোটানোর। সেই স্বপ্নের পথে বড় এক ধাপ পেরিয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই পেয়েছেন জিপিএ-৫। অভাবের সংসারে তাদের এই সাফল্য যেন এক টুকরো আনন্দের আলো।

রহিমা ও রাবেয়া উপজেলার ছিনাই ইউনিয়নের রামকার্জি গ্রামের বাসিন্দা। তারা রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের শিক্ষার্থী। কলেজটির ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৪২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে মাত্র দুজন। আর সেই  যমজ বোন রহিমা ও রাবেয়া।

উপজেলার সাতটি কলেজ, তিনটি স্কুল অ্যান্ড কলেজ ও চারটি কারিগরি প্রতিষ্ঠানসহ ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তারাই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী বলে জানা গেছে।

তবে এই সাফল্যের পেছনের গল্পটা মোটেও সহজ নয়। তিন মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট দুই মেয়েকে নিয়ে বাবা মনির হোসেন সরদার রিজু ও মা নাসিমা বেগমের সংসার। বাবা বেকার থাকায় দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটছে পরিবারটির। সংসারের সীমিত সামর্থ্যের মধ্যে দুই মেয়ের পড়াশোনার খরচ জোগানো ছিল বড় চ্যালেঞ্জ। তবু মেয়েদের শিক্ষার পথ বন্ধ হতে দেননি মা-বাবা। নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন তাদের এগিয়ে নিতে।

অভাবের এই সময়ে দুই বোনের পাশে দাঁড়িয়েছেন কয়েকজন শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষ। প্রাইভেট শিক্ষক মোসলেম উদ্দিন, আহসান হাবিব ও সোহেল স্যার তাদের মধ্যে একজনকে বিনা পারিশ্রমিকে পড়িয়েছেন। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ ভর্তি ও ফরম পূরণসহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করেছে। পাশাপাশি তারা পেয়েছেন উপবৃত্তিও। এসব সহযোগিতা তাদের পড়াশোনা চালিয়ে যেতে সাহস জুগিয়েছে।

মেয়েদের এমন সাফল্যে আবেগ আপ্লুত মা নাসিমা বেগম। তিনি বলেন, আমার স্বামী বেকার। অনেক কষ্ট করে মেয়েদের লেখাপড়া করিয়েছি। প্রাইভেট শিক্ষক মোসলেম উদ্দিন, আহসান হাবিব ও সোহেল স্যার দুই বোনের মধ্যে একজনকে টাকা না নিয়েই পড়িয়েছেন। কলেজের অধ্যক্ষ স্যার ভর্তি, ফরম পূরণসহ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে নামমাত্র টাকা নিয়েছেন। এ ছাড়া তারা উপবৃত্তিও পেয়েছে। সবার সহযোগিতা না পেলে হয়তো মেয়েদের পক্ষে এত ভালো ফল করা সম্ভব হতো না।

নিজেদের স্বপ্ন ও সংগ্রামের কথা জানিয়ে রহিমা ও রাবেয়া বলেন, বাবার কষ্ট কিছুটা হলেও কমাতে এবং নিজেদের স্বপ্ন পূরণ করতে ভালো ফল করার লক্ষ্য নিয়ে পড়াশোনা করেছি। কলেজে যাতায়াত ও খাওয়াদাওয়ার সময়টুকু বাদে প্রায় সব সময়ই পড়াশোনা করতাম। এখন আমাদের স্বপ্ন, ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা নেওয়া। সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি।

রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, রাজারহাট উপজেলার ১৪টি কলেজের মধ্যে এই যমজ বোনই মানবিক শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে। তাদের এ সাফল্যে আমরা আনন্দিত। কলেজের পক্ষ থেকে দুজনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

অভাবের কাছে স্বপ্নকে হার মানতে না দেওয়া রহিমা ও রাবেয়ার এই অর্জন এখন রামকার্জি গ্রামের মানুষের মুখে মুখে। তাদের ফল শুধু দুটি জিপিএ-৫ এর গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে একজন মায়ের নির্ঘুম রাত, একজন বাবার কষ্ট, শিক্ষকদের নিঃস্বার্থ সহযোগিতা আর দুই বোনের অদম্য চেষ্টা। এবার তাদের স্বপ্ন একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার। সেই স্বপ্ন পূরণ হলে হয়তো একদিন বদলে যাবে শুধু তাদের নিজেদের জীবন নয়, বদলে যাবে কষ্টে থাকা পুরো পরিবারটির গল্পও।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা