× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ খুলছে সেন্টমার্টিন, তবে ছাড়ছে না কোনো জাহাজ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১২:০৫ পিএম

অনুমোদন ও কাগজপত্রের জটিলতায় এখনও কোনো জাহাজ চলাচলের অনুমতি পায়নি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অনুমোদন ও কাগজপত্রের জটিলতায় এখনও কোনো জাহাজ চলাচলের অনুমতি পায়নি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার কথা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। তবে পর্যটন মৌসুম শুরু হলেও প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্রের জটিলতায় এখনও কোনো জাহাজ চলাচলের অনুমতি পায়নি। ফলে মৌসুমের প্রথম দিনেই সেন্টমার্টিনগামী পর্যটকদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ছাড়পত্র গ্রহণের প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। পাশাপাশি পর্যটকদের নিবন্ধনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্ধারিত ব্যবস্থাও পুরোপুরি কার্যকর হয়নি। সব প্রস্তুতি শেষ হলে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান সায়েম জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় এখন পর্যন্ত কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। আগামী বুধবার জেলা প্রশাসক সেন্টমার্টিনে গিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকের পর জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

অন্যদিকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক (প্রশাসন ও সমন্বয়) নিজাম উদ্দিন জানিয়েছেন, পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে বোর্ডের দায়িত্ব মূলত ট্রাভেল পাস প্রদান করা। এ কার্যক্রমের জন্য বোর্ডের প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে দাবি করেন তিনি।

জাহাজ চলাচলের অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, “জাহাজ পরিচালনার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র, নৌপরিবহন অধিদপ্তরের অনুমোদন, বিআইডব্লিউটিএর রুট পারমিট এবং জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন। এসব প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এ ছাড়া পর্যটকদের তথ্য সংগ্রহের জন্য ট্যুরিজম বোর্ডের নির্ধারিত সফটওয়্যারও পুরোপুরি প্রস্তুত নয়। ফলে ১ নভেম্বর থেকে জাহাজ চলাচল সম্ভব হচ্ছে না”।

বিআইডব্লিউটিএ চট্টগ্রাম বিভাগ ও কক্সবাজার নদীবন্দরের উপপরিচালক নয়ন শীল বলেন, “সেন্টমার্টিন রুটে চলাচলের জন্য বিআইডব্লিউটিএর রুট পারমিট বাধ্যতামূলক। এখন পর্যন্ত কোনো জাহাজ মালিক অনুমতির জন্য আবেদন করেননি। আবেদন পাওয়া গেলে জাহাজ পরিদর্শন শেষে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে”।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, “পর্যটকদের জন্য দ্বীপ উন্মুক্ত হলেও জাহাজের ফিটনেস ও নিরাপত্তা নিশ্চিত না করে চলাচলের অনুমতি দেওয়া হবে না। জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে চলাচল শুরুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হতে পারে”।

তিনি জানান, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট ছাড়া টেকনাফ, শাহপরীর দ্বীপ কিংবা উখিয়া থেকে নৌযানে সেন্টমার্টিন যাওয়ার সুযোগ নেই। সরকার অনুমোদিত জাহাজে অনলাইন নিবন্ধনের মাধ্যমেই পর্যটকদের দ্বীপে যেতে হবে।

এদিকে পর্যটন মৌসুম শুরুর প্রস্তুতির পাশাপাশি দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় সেন্টমার্টিনে প্রথমবারের মতো চালু করা হয়েছে বেওয়ারিশ কুকুরের আশ্রয়কেন্দ্র এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’।

শনিবার প্রকল্প দুটির উদ্বোধন করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাশ। তিনি বলেন, “সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় প্রকৃতি, প্রাণী ও মানুষের প্রয়োজনকে সমান গুরুত্ব দিতে হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা