মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১০:৫৮ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৬ ১১:০৭ এএম
মিঠামইন থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের মিঠামইনে অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে বরযাত্রী, চালক ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাটখাল বাজারের অটোরিকশা স্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মিঠামইনের রানীগঞ্জ এলাকার এক ব্যক্তি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্ত্রীসহ প্রায় ৪০ জন বরযাত্রী নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। পথে কাটখাল বাজারের অটোরিকশা স্ট্যান্ডে ভাড়া নিয়ে চালকদের সঙ্গে বরযাত্রীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বরযাত্রীদের কয়েকজনকে মারধর ও তাদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
খবর পেয়ে কাটখাল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় স্ট্যান্ডের লোকজন ও স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা তদন্ত কেন্দ্রের দিকে ফিরে যাচ্ছিলেন। তখন পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।
এতে কনস্টেবল কাওসার মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ ছাড়া পুলিশের আরও দুই থেকে তিনজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
কাটখাল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আল মোমেন জানান, বরযাত্রীদের একজন ফোন করে মারধরের খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু স্ট্যান্ডের লোকজন ও স্থানীয় কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে তদন্ত কেন্দ্রে ফেরার পথে পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়।
তিনি আরও জানান, বরযাত্রীদের পক্ষের ৯ থেকে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, কাটখাল বাজার থেকে গন্তব্যে যাওয়ার ভাড়া ৪০ টাকা নির্ধারণ নিয়ে বিরোধের সূত্রপাত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই আল মোমেন।