মনির ফয়সাল, চট্টগ্রাম
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ০৯:১৩ এএম
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খাতায় উদারতা নয়, বাড়তি এক নম্বরও নয়। এবারের এইচএসসিতে পরীক্ষকদের কাছে বার্তা ছিল এটাই। আর এই কড়াকড়ির মুখেই ধসে পড়েছে চট্টগ্রাম বোর্ডের ফল। পাসের হার নেমে এসেছে ৫২.০৭ শতাংশে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
বোর্ডের কর্মকর্তাদের মতে, পরীক্ষকদের বাড়তি নম্বর দেওয়ার প্রবণতা বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের প্রকৃত মেধার চিত্র উঠে এসেছে। অন্যদিকে শিক্ষকদের দাবি, করোনার পর শিক্ষার্থীদের ক্লাসবিমুখতা, পড়াশোনায় অমনোযোগ ও কোচিংনির্ভরতা ফল বিপর্যয়ের অন্যতম কারণ। এর সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ও সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো।
বোর্ডের হিসাবে, ২০২২ সালে পাসের হার ছিল ৮০.৫০ শতাংশ। এবার কমে হয়েছে ৫২.০৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন, যা ২০২২ সালের তুলনায় প্রায় ৭৭ শতাংশ কম। পাঁচ বছরের মধ্যে ফলাফলের এমন পতনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে চট্টগ্রাম বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আগের বছরগুলোতে পরীক্ষকদের কিছুটা উদারতা দেখানোর চাপ থাকত। কিন্তু এবার সেটা করা হয়নি। সিসি ক্যামেরাসহ কড়া নজরদারিতে পরীক্ষা পরিচালনাকারী ও শিক্ষার্থী, দুই পক্ষই চাপে ছিল।
তিনি বলেন, পুনর্মূল্যায়নে ভুল ধরা পড়লে জবাবদিহিতার প্রসঙ্গ আসায় পরীক্ষকরাও আরও মনোযোগী হয়েছেন। তাই এবার ‘প্রকৃত চিত্র’ ফুটে উঠেছে। এবারের পরীক্ষার্থীরা ছয় বছর পর পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিয়েছে বলেও জানান তিনি।
বিভাগভিত্তিক ফলেও অবনতি দেখা গেছে। এবার বিজ্ঞানে পাসের হার ৭৪.৪২, মানবিকে ৩৮.৩৬ এবং ব্যবসায় শিক্ষায় ৫৪.১৪ শতাংশ। ২০২৪ সালের তুলনায় তিন বিভাগেই পাসের হার কমেছে। এ ছাড়া এবার চট্টগ্রাম বোর্ডে ফেল করা ৪৬ হাজার ১৬৯ জনের মধ্যে ২২ হাজার ১১৮ শিক্ষার্থী মাত্র এক বিষয়ে ফেল করেছেন। বাকি শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছেন একাধিক বিষয়ে। এই বড় অংশ বলছে, শুধু নম্বর কম পাওয়ায় নয়, শিখনেই ঘাটতি আছে।
শিক্ষকদের বক্তব্যে সেই ঘাটতির কারণ হিসেবে উঠে এসেছে ক্লাসবিমুখতা। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের বড় একটি অংশ নিয়মিত পড়াশোনা করে না। করোনার পর থেকে ক্লাসে উপস্থিতিও কমেছে। অন্যদিকে বন্যার কারণে পরীক্ষার সময় মানসিক প্রস্তুতি ব্যাহত হওয়াকে আরেকটি প্রধান কারণ মনে করেন বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজের প্রভাষক লাবিবুর রহমান”।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “শুধু মূল্যায়নের কঠোরতা নয়, ক্লাসবিমুখতা, কোচিংনির্ভরতা এবং মোবাইল ও সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় কাটানোও ফল বিপর্যয়ের কারণ। তবে এজন্য শুধু শিক্ষার্থীদের দায়ী করলে চলবে না; শিক্ষক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে”।