সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ০৮:৪৯ এএম
পথচারীকে রক্ষা করতে গিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায় বাসটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে পাটকেলঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে গেছে।
পাটকেলঘাটা বাজার মোড়সংলগ্ন এলাকায় শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারী নিহত হয়েছেন এবং বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক (৫০)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জেল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে বাসটি সাতক্ষীরার উদ্দেশে ফিরছিল। পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করার সময় হঠাৎ এক পথচারী সড়কের সামনে চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসের চাপায় ওই পথচারীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আহতদের অধিকাংশই সাতক্ষীরার ঘোনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মকুলসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা। তারা উদ্ধারকাজের তদারকি করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে ১১ দলীয় লংমার্চে অংশ নেওয়া আনুমানিক ৫১ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। আহত সবাইকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বাসটি পুকুর থেকে উদ্ধারের পর এর নিচে আর কেউ চাপা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জেল হোসেন বলেন, “দুর্ঘটনায় আব্দুল খালেক নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন”।
এদিকে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জামায়াতের নেতাকর্মীরা সহযোগিতা করছেন। বাসটি উদ্ধার সম্পন্ন হলে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।