ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২২:৩০ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি
রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের চতুর্থ চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য প্রকল্প এলাকায় পৌঁছেছে।
শনিবার সকালে সড়কপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত ইউরেনিয়ামবাহী লরি প্রকল্প এলাকায় পৌঁছে। ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এই চালানসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মোট পাঁচটি চালানে ইউরেনিয়াম পৌঁছাল। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য চারটি চালান এসেছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়ো) অনুমোদনের পর প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু করা হয়েছে। এ পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে টারবাইন-জেনারেটরসহ কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ও নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা হবে। পরীক্ষা সফল হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে, যাকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি নভেম্বরের মধ্যেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে। রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১ হাজার ২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।