× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক আলিফ হত্যা

প্রধান সন্দেহভাজনের দুই সহযোগী গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২২:২৪ পিএম

দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন সাব্বির ও ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন সাব্বির ও ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) ও সাব্বির আহম্মেদ (২৫)। তাদের মধ্যে ইমরান দুর্গাপুর পৌরসভার মোক্তারপাড়া এবং সাব্বির তেরিবাজার এলাকার বাসিন্দা। এ নিয়ে আলিফ হত্যা মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে ১৮ অক্টোবর সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব এবং ২০ অক্টোবর রাতে আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাদের দুজনকে রিমান্ডে পাঠান।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনকে নেত্রকোণায় এনে আদালতে পাঠানো হবে। তাদের রিমান্ডের আবেদন করা হবে। প্রাথমিক তদন্তে তারা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন তাজুল ইসলামের সহযোগী বলে জানা গেছে। হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ইমন ও সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য মিলবে বলে আশা করছে পুলিশ।

সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে শনিবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বাংলাদেশ প্রেস ক্লাবের নেত্রকোণা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন অধ্যাপক ননী গোপাল সরকার, জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ ও উপদেষ্টা ইকবাল হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর আঘাত। এখনও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়নি। তারা হত্যার নেপথ্যে থাকা ব্যক্তিসহ জড়িত সবাইকে গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলুনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। পরদিন তার স্ত্রী খাদিজা আক্তার (অনিন্দিতা সাংমা) অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।

আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করতেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা