কালাই (জয়পুরহাট) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২১:৩৭ পিএম
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পৌরসভার সড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার পুনট ইউনিয়নের আপলা পাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে পোস্ট মাস্টার নুরনবী (৫৭) ও মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় কালাই পৌরসভার সড়াইল এলাকায় জয়পুরহাট অভিমুখী দ্রুতগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী নুরনবী মারা যান।
স্থানীয় এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে অটোরিকশা চালক এনামুল হকের মৃত্যু হয়।
কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, দুর্ঘটনায় আপলা পাড়া গ্রামের নুরনবী ও এনামুল হক নামে দুইজনের মৃত্যু ও সোহরাব নামে আহত ব্যক্তি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।