সৌদির অগ্নিকাণ্ডে নিহত সাত প্রবাসীর দাফন
নওগাঁ ও নাটোর প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:৩৮ পিএম
নওগাঁয় নিহতের স্বজনদের আহাজারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ ২ মাস ২২ দিন পর দেশে ফিরেছে। শনিবার সকালে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। পরে অ্যাম্বুলেন্সে নওগাঁ ও নাটোরে নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।
নিহতদের মধ্যে নওগাঁর পাঁচজন হলেনÑ নওগাঁ পৌরসভার পার-নওগাঁ এলাকার শাহিন, আত্রাইয়ের ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার সজিব ও সাধনগর গ্রামের সাগর আলী। অন্য দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম ও খাজুরা গ্রামের সাব্বির হোসেন।
গত ৯ আগস্ট ওই কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে ১২ জনের বাড়ি নওগাঁয়। ২৭ আগস্ট প্রথম দফায় সাতজনের মরদেহ দেশে আনা হয়। আগুনে মরদেহ বিকৃত হওয়ায় বাকিদের পরিচয় শনাক্তে জটিলতা দেখা দেয়। পরে আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের অধিকাংশই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় ভিটেমাটি বন্ধক রেখে ও সুদে ঋণ নিয়ে তারা সৌদি আরবে গিয়েছিলেন। তাদের মৃত্যুতে পরিবারগুলো স্বজন হারানোর শোকের পাশাপাশি ঋণ পরিশোধ ও জীবিকা নির্বাহের অনিশ্চয়তায় পড়েছে।
পার-নওগাঁ মহল্লার নিহত শাহিনের বাড়িতে গিয়ে দেখা যায়, মা নার্গিস বেগম শোকে বাকরুদ্ধ। স্বজনরা জানান, শাহিনের বয়স যখন চার মাস, তখন তার বাবা মজনু রহমান মারা যান। অনেক কষ্টে ছেলেকে বড় করেন নার্গিস। শাহিন স্ত্রী, দুই নাবালক সন্তান ও শাশুড়িকে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশাহারা। পরিবারের প্রায় ছয় লাখ টাকা ঋণ রয়েছে। বর্তমানে শাহিনের বন্ধুরা তাদের আর্থিক সহায়তা করছেন।
নার্গিস বেগম বলেন, তিন মাস আগে এনজিও থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা ঋণ করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। আগুনে আমাদের সব শেষ হয়ে গেল। ছোট দুই সন্তান এখন কী খাবে? এত টাকা ঋণ কীভাবে শোধ করব?
শাহিনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু তাদের পুনর্বাসনে স্থায়ী আবাসন এবং দুই সন্তানের ভবিষ্যৎ ও দেখাশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল আমিন জানান, শাহিনের স্ত্রী মিম বানুর কর্মসংস্থান এবং দুই সন্তানের পড়াশোনা ও ভরণপোষণে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
আত্রাইয়ের মধ্যবোয়ালিয়া গ্রামের নিহত মিনহাজের মা পারুল বিবি বলেন, ‘ছেলে বলত আম্মু, কারখানায় কাজ পেয়েছি। দুই বছর পর বাড়ি আসব। আজ ছেলে ফিরেছে, কিন্তু নিথর দেহে।’
মাধবপুর গ্রামের নিহত মাসিদুল সরদার সজিবের বাবা মজনু সরদার বলেন, ‘ভাবছিলাম, জীবনের শেষ বয়সে ছেলে সুখের দিন এনে দেবে। কিন্তু এই বয়সে নিজের হাতে ছেলের কফিন নামাতে হলো। এই শোক সহ্য করার ক্ষমতা আমার নেই।’
সাধনগর গ্রামের নিহত সাগর আলীর স্ত্রী পারভীন খাতুন জানান, সাড়ে ছয় লাখ টাকা ঋণ করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলেন। তাদের দুই ছোট সন্তান রয়েছে। তিনি বলেন, ‘ঋণের এক টাকাও শোধ হয়নি। দুই সন্তান নিয়ে এখন কোথায় গিয়ে দাঁড়াব?’
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, দাফন-কাফনের জন্য নিহতদের পরিবারপ্রতি প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। তিন মাস পর সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তিন লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে মরদেহগুলো বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অন্যদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিহত মোহাম্মদ শামীম ও সাব্বির হোসেনের মরদেহ শনিবার বিকালে তাদের গ্রামের বাড়িতে পৌঁছয়। শামীম উপজেলার দীঘিরপাড়া গ্রামের জাকের আলীর ছেলে। সাব্বির খাজুরা শ্রীপুর পাড়ার রাব্বানির ছেলে। মরদেহ পৌঁছানোর পর স্থানীয় মাঠে জানাজা শেষে তাদের দাফন করা হয়। দুই তরুণের মৃত্যুতে নলডাঙ্গা, নওগাঁর আত্রাই ও রাজশাহীর আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।