ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:৩১ পিএম
ফুলবাড়ীর অম্রবাড়ী গ্রামের নারী ও পুরুষ গ্রামবাসী মরদেহ নিয়ে হত্যাকারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভসহ মানববন্ধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে গরু চুরির সন্দেহে যুবককে মারধরের সময় তাকে রক্ষার চেষ্টাকালে রুহুল আমিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
নিহত রুহুল আমিন অম্রবাড়ী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
আহতরা হলেন- অম্রবাড়ী গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মহিন আলী (২০), একই গ্রামের খোরশেদ ইসলাম (২৭) ও তার ভাই রাশেদ ইসলাম (৩০)। এরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউনিয়নের অম্রবাড়ী (নাউয়ার মোড়) নামক এলাকায় এ ঘটনা ঘটে এবং রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, অম্রবাড়ী এলাকার সামিউল মুন্সির গোয়াল ঘর থেকে একটি গরু ছুটে পালিয়ে যায়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একই গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) গরুটি নিয়ে ফুলবাড়ী পৌরবাজার দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করেন। পরে তাকে অম্রবাড়ী (নাউয়ার মোড়) এলাকায় নিয়ে গিয়ে গরু চুরির সন্দেহে মারধর করা হয়। এ সময় ধৃত খোরশেদের চাচাতো ভাই রুহুল আমিন মারধরের প্রতিবাদ করলে তাকেও বেধড়ক মারপিট করা হয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রাসহ পরিবারের লোকজন রুহুল আমিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সর্বশেষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে এই মারপিট ও মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার বিকেলে অম্রবাড়ী গ্রামের নারী ও পুরুষ গ্রামবাসী মরদেহ নিয়ে হত্যাকারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভসহ মানববন্ধন করেন।
ফুলবাড়ী থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন, তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।