রংপুর অফিস
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:২৭ পিএম
রংপুর সিটি কর্পোরেশন ও নাইস প্রজেক্ট-এর আয়োজনে জিলা স্কুলের ফটকের সামনে সাইকেল র্যালীর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে ডেঙ্গু প্রতিরোধ ও শহর পরিচ্ছন্নতার লক্ষ্যে জনসচেতনতামূলক সাইকেল র্যালীর আয়োজন করা হয়েছে।
শনিবার সকালে রংপুর সিটি কর্পোরেশন ও নাইস প্রজেক্ট-এর আয়োজনে জিলা স্কুলের ফটকের সামনে সাইকেল র্যালীর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী। র্যালীতে অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থী নগরবাসীকে ডেঙ্গু সচেতনতার প্রচারণায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় রসিক প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে তিনমাস ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের নিয়মিত কর্মসূচি অব্যাহত রয়েছে। মশার উৎপত্তিস্থলে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম চলমান রয়েছে। তবে জনগণের মাঝে সচেতনতা তৈরি না হওয়া পর্যন্ত শতভাগ ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। তাই জনসচেতনতা তৈরিতে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।
তিনি আরও বলেন, যদিও রংপুরে ডেঙ্গু রোগী বা আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম তবুও আগামীতে যেন রংপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব না বাড়ে সে লক্ষ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।