মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:২১ পিএম
মাদারগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা হুমায়ুন কবীর সভাপতি ও খাদেমুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের মাদারগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে দৈনিক যুগান্তর প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীর সভাপতি এবং দৈনিক আমার দেশ প্রতিনিধি খাদেমুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের মোট ১৪ জন ভোটারের মধ্যে ১৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে মির্জা হুমায়ুন কবীর ৯ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী একেএম জুলফিকার আলী বাবলু ৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে খাদেমুল ইসলাম ৬ ভোট অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী এসএম হুমায়ুন কবির বক্কর পান ৪ ভোট এবং মোহাম্মদ শাহীন পান ৩ ভোট।
নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন। সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম। পোলিং অফিসার ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আনিছুর রহমান।
এদিকে সহ-সভাপতি পদে সামিউল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সাইফুল, সাংগঠনিক সম্পাদক পদে বজলুর রহমান খান, অর্থবিষয়ক সম্পাদক পদে আল্পনা জান্নাত এবং দপ্তর সম্পাদক পদে ইউসুফ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।