নির্দেশনা উপেক্ষা
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:১৯ পিএম
বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা বাজারে অনুমোদনহীন পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা বাজারে অনুমোদনহীন পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল উপজেলা প্রশাসন।
তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাত্র একদিনের মাথায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করে পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া গেছে
গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে মাধবপাশা বাজারে গিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু অবস্থায় দেখতে পান গণমাধ্যমকর্মীরা। এ সময় প্রতিষ্ঠানটির মালিক দীপঙ্কর দাবি করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনুমতি নিয়ে ডায়াগনস্টিক সেন্টারটি চালু রাখা হয়েছে।
তবে বাবুগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিষ্ঠানটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার কোনো অনুমতি দেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা সাংবাদিকদের বলেন, পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি সরকারি ও স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।