আগৈলঝাড়া (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:০৯ পিএম
ছবি: সংগৃহীত
আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউপি সদস্য রোজিনা বেগমের বিরুদ্ধে উপকারভোগীর সরকারি বরাদ্দের চাল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী শেফালী বেগমকে দুই মাসের ৬০ কেজি চাল ফেরত দেওয়ার কথা জানিয়েছেন অভিযুক্ত ইউপি সদস্য।
শেফালী বেগম উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা। স্বামী মারা যাওয়ার পর দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন তিনি। সংসার চালাতে দুই মেয়েকে বাবার বাড়িতে রেখে ঢাকায় দিনমজুরের কাজ করেন। অভিযোগ অনুযায়ী, শেফালী বেগমকে না জানিয়ে তার কার্ডে স্বাক্ষর দিয়ে দুই মাসের ৬০ কেজি চাল তুলে নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে শেফালী অভিযুক্ত ইউপি সদস্যের কাছে গেলে প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে চাল তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করে শেফালীকে চাল ফেরত দেওয়ার কথা জানান রোজিনা বেগম। এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা ইউএনও নিরুপম মজুমদার বলেন, একজনের নামে বরাদ্দ করা কার্ডের চাল অন্যজনের তুলে নেওয়ার সুযোগ নেই। ইউপি সদস্য রোজিনা বেগমের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।