সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:০৪ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ২০:০৭ পিএম
প্রতিকী ছবি
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সুনামগঞ্জের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
বোর্ডের প্রকাশিত ফলাফলের তুলনামূলক পরিসংখ্যান ও তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শূন্য পাস করা প্রতিষ্ঠান দুটি হলো দিরাই উপজেলার আলহাজ আব্দুল মতলিব হাই স্কুল অ্যান্ড কলেজ এবং দোয়ারাবাজার উপজেলার মিতালী পাবলিক হাই স্কুল অ্যান্ড কলেজ।
বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। এই তিনটির মধ্যে দুটি প্রতিষ্ঠানই সুনামগঞ্জ জেলার এবং একটি হবিগঞ্জ জেলার।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের দিরাই উপজেলার আলহাজ আব্দুল মতলিব হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তবে তাদের মধ্যে কেউ পাস করতে পারেননি। এ ছাড়া দোয়ারাবাজার উপজেলার মিতালী পাবলিক হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাসের মুখ দেখেননি কোনো পরীক্ষার্থী।
সুনামগঞ্জের এই দুই প্রতিষ্ঠানের ভরাডুবির কারণ প্রসঙ্গে গণমাধ্যমকে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন বলেন, ‘এবার কেউ পাস করেনি এ রকম তিনটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে দুটি এবং হবিগঞ্জে একটি প্রতিষ্ঠান রয়েছে। সুনামগঞ্জের কিছু এলাকা বেশ দুর্গম বা রিমোট এরিয়া। সেখানে শিক্ষার্থীরা হয়তো নিয়মিত কলেজে যাতায়াত করতে পারেনিÑ এটা একটা বড় কারণ হতে পারে। এ ছাড়া পরীক্ষা চলাকালে বা তার আগে সেখানে বন্যার একটি বড় প্রভাব ছিল।’