আশুলিয়া
আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৯:৪৯ পিএম
পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। ছবি: ভিডিও থেকে
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালোতালিকাভুক্তি বন্ধ ও অন্যায়ভাবে ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
শনিবার সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভ একপর্যায়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় আশুলিয়ার বিভিন্ন এলাকার ২৫টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সংঘর্ষের মধ্যে একটি কারখানার সামনে থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে শিল্প পুলিশ।
পুলিশ, শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই আশুলিয়ার জিরাবো, কাঠগড়া, নয়াপাড়া, নিশ্চিন্তপুর ও আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জিরাবো এলাকার নাঈম নিটওয়্যার কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সকালে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানার বাইরে বেরিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দিতে বের হওয়ার আহ্বান জানান। এ সময় কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
একই দাবিতে কাঠগড়া, আমতলা ও নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরাও কাজে যোগ না দিয়ে বিক্ষোভে অংশ নেন। তাদের একটি অংশ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষের সময় কন্টিনেন্টাল, এআর জিন্স ও সিডব্লিউএসহ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিশেষ করে এআর জিন্স ও কন্টিনেন্টাল কারখানার বিভিন্ন স্থানের কাচ ভাঙচুর করা হয়।
দুপুরের দিকে নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে শ্রমিকদের পাশাপাশি পুলিশ সদস্য ও কয়েকজন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যদের মধ্যে একজনের চোখের ওপরেও আঘাত লেগেছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শ্রমিক অসন্তোষের কারণে জিরাবো, নরসিংহপুর, কাঠগড়া ও নিশ্চিন্তপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার ২৫টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারখানা কর্তৃপক্ষের ভাষ্য, একটি কারখানার শ্রমিকেরা অন্য কারখানার শ্রমিকদেরও বের হয়ে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। কেউ বের না হলে কিছু কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হন কর্তৃপক্ষ।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের কালোতালিকাভুক্তি বা ব্ল্যাকলিস্টিং বন্ধ, অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
তাদের অভিযোগ, কোনো কোনো কারখানায় দীর্ঘদিনের অভিজ্ঞ শ্রমিকদের যথাযথ কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হচ্ছে। আবার এক কারখানা থেকে ছাঁটাই হওয়ার পর মালিকপক্ষের করা কালোতালিকার কারণে অন্য কারখানায়ও কাজ পাওয়া কঠিন হয়ে পড়ছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, শ্রমমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অক্টোবরের মধ্যে মজুরি বোর্ড গঠনে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। গত শুক্রবার রাতে শ্রম মন্ত্রণালয়ের এক সভায় রবিবারের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হলেও সেই বার্তা সাধারণ শ্রমিকদের কাছে যথাযথভাবে পৌঁছায়নি। ফলে তাদের মধ্যে সিদ্ধান্তটি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা ও অবিশ্বাস তৈরি হয়েছে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া, চিকিৎসা ও পারিবারিক ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা দিয়ে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ বলেন, সকালে নাঈম নিটওয়্যার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ ছাড়া নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের কারণে ইতিমধ্যে ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে চার থেকে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের একজনের চোখের ওপর আঘাত লেগেছে। শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে শ্রমিক-পুলিশ সংঘর্ষের মধ্যে শনিবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের একটি কারখানার সামনে থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে শিল্প পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বেলা একটার কিছু সময় পর বস্তুগুলো উদ্ধার করা হয়। বিষয়টি পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে বস্তুগুলো কারা সেখানে রেখেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফয়সল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনের মধ্যে হাতবোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে শিল্প পুলিশের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি আশুলিয়া থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেবে।
শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনায় শনিবার দিনভর আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করে। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা হয়।