ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৯:২৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ২০:৩১ পিএম
ঈশ্বরগঞ্জে এইচএসসি পরীক্ষায় দুই কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। প্রতিষ্ঠান দুটি থেকে এবার মোট সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের সবাই অকৃতকার্য হয়েছেন।
এর মধ্যে একটি কলেজে পরীক্ষার্থী ছিলেন একজন এবং অন্যটিতে ছয়জন। কলেজ দুটি হলোÑ চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং কোনাপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের তালিকা ও সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম জানান, কাগজে-কলমে কলেজটিতে ১০ জন শিক্ষক ছিলেন। তাদের মধ্যে তিনজন অন্যত্র চলে গেছেন। বর্তমানে সাতজন শিক্ষক কর্মরত থাকলেও কেউ কলেজে আসেন না। কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা বেতন পান না।
১০ বছর ধরে শিক্ষকরা বিনা পারিশ্রমিকে পাঠদান করাচ্ছেন। বর্তমানে কলেজ শাখাটি কার্যত শিক্ষকশূন্য। বারবার নোটিশ দিয়েও শিক্ষকদের কলেজে ফেরানো সম্ভব হয়নি। এ অবস্থায় কলেজের গভর্নিং বডির সঙ্গে আলোচনা করে কলেজ শাখার নিবন্ধন বাতিলের আবেদন করবেন।
কোনাপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজটির অধ্যক্ষ মো. আব্দুল লতিফ বলেন, এ বছর প্রথমবারের মতো কলেজটি নিবন্ধন পেয়েছে। কলেজ শাখায় তিনজন শিক্ষক রয়েছেন। এছাড়া স্কুল শাখার দুজন শিক্ষক অতিরিক্ত দায়িত্ব হিসেবে কলেজে ক্লাস নিয়েছেন। প্রথমবার পরীক্ষায় অংশ নিয়ে ছয়জনের কেউ পাস করতে পারেননি। শুরুতে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। আগামীতে আরও ভালোভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভালো ফলের আশা করছেন তাঁরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফলের তালিকায় প্রতিষ্ঠান দুটির পাসের হার শূন্য শতাংশ দেখানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বেলায়েত হোসেন বলেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কলেজ দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য তার জানা নেই।