ফেনী প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৯:১২ পিএম
ফেনীতে এবারের এইচএসসি পরীক্ষায় দুটি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীতে এবারের এইচএসসি পরীক্ষায় দুটি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। অন্যদিকে টানা চার বছর শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড থাকলেও এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ফেনী গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৬১ জন পরীক্ষার্থীর সবাই পাস করলেও জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন।
শনিবার কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম পরীক্ষার ফলাফল সংক্রান্ত এসব তথ্য জানান।
ফলাফলে দেখা যায়, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগ ৬০ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪৪ জন। মানবিক বিভাগে একজন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। ২০২৫ সালে কলেজের ৪৮ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিলেন। ২০২৪ সালের ৫৫ জন, ২০২৩ সালে ৫৭ জন এবং ২০২২ সালে ৫৫ জন পরীক্ষার্থীর সবাই সর্বোচ্চ এই ফল অর্জন করেন। অর্থাৎ টানা চার বছর শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ডের ধারায় এবার ছেদ পড়েছে।
কুমিল্লা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় ফেনী জেলার বেগম শামসুর নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বীকন মডেল কলেজের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। বেগম শামসুর নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া তিনজনের কেউই উত্তীর্ণ হতে পারেননি। অন্যদিকে বীকন মডেল কলেজে সাতজনের সবাই অকৃতকার্য হয়েছেন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে তিনজন, মানবিক বিভাগে তিনজন ও ব্যবসায় শিক্ষা বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন।