খুলনা অফিস
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৮:৫৩ পিএম
খুলনার ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর যাওয়ার আগে অন্তত চারটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর যাওয়ার আধা ঘণ্টা আগে অন্তত চারটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। পরে একটি বাস কাউন্টারের পাশ থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়।
শনিবার বিকাল পৌনে ৪টার দিকে নগরীর ফুলবাড়ীগেটে এ ঘটনা ঘটে। এর আগে একই এলাকায় লংমার্চকে স্বাগত জানাতে নির্মিত একটি তোরণে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরপর এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ীগেট শহিদ মিনারের পেছনের গলির সড়কে হেলমেট পরা কয়েকজন চার-পাঁচটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। পরে বাস কাউন্টারের পাশ থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। ঘটনাস্থলটি মূল যশোর রোডে নয়।
লংমার্চের গাড়িবহরের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে জড়ো হওয়া নারী-পুরুষ। প্রাণভয়ে অনেকে ছোটাছুটি করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খানজাহান আলী থানার সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ দাবি করেন, মিরেরডাঙ্গা এলাকার দুই যুবদল নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাসার ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও দাবি করেন তিনি।
তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। ওসি মো. আবুল বাসারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। একটি গোয়েন্দা সংস্থার সদস্য ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। তবে কারা এ ঘটনায় জড়িত, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।