টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৮:১৮ পিএম
টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে থানা পুলিশ। অভিযানে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগার (আলেরটেক) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার নাজমুল ইসলাম বাপ্পি টঙ্গীর পাগার (আলেরটেক) এলাকার তাইজুল ইসলামের ছেলে।
বাপ্পির দাবি, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন তিনি। এরপর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। প্রেমিকার কাছ থেকে আঘাত পেয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এরপরই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এসময় বাপ্পি নামে একজনকে আটক করা হয়। আটক বাপ্পির বাড়ির চতুর্থ তলায় ইয়াবা তৈরির কারখানা ও রাসায়নিক উপাদান মজুতসহ ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। সেখানে একটি ল্যাব ও গোপন কক্ষ রয়েছে। কক্ষটি বাড়ির ভেতরের দিকে এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে সহজে সেখানে যাওয়া যায় না।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ইয়াবা তৈরির উদ্দেশ্যে এসব রাসায়নিক উপাদান সংগ্রহের কথা স্বীকার করেছে।