× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলাকা ছাড়লেন মানিক পশারীর ছোট বোন

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৮:০৯ পিএম

মানিক পশারীর ছোট বোন হেনা বেগম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানিক পশারীর ছোট বোন হেনা বেগম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাবেক এমপি দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের সাক্ষী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মানিক পশারীর ছোট বোন হেনা বেগম ‘হুমকি-ধমকির মুখে’ নিজ এলাকা ছেড়েছেন।

গত বুধবার এলাকা ছেড়ে চলে যান হেনা। এর আগে এলাকা ছাড়েন তার নিকটাত্মীয়রাও। তবে বর্তমানে মানিক পশারীর ভাই চানমিয়া পশারী ও তার বড়ো বোন হাসিনা বেগমসহ অনেক নিকটাত্মীয় এলাকায় রয়েছেন। 

মানিক পশারীর বাড়ির পাশে একটি ঝুপড়িঘরে থাকতেন হেনা বেগম। সম্প্রতি ভাইয়ের মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের নাম উল্লেখ করে কথা বলেছিলেন তিনি। এর কারণে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

হেনা বেগম মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, “রাতে ঝুপড়িঘরে থাকতে ভয় পাই। বিভিন্ন মিডিয়ায় আমার ভাইয়ের দাফনে যারা বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলায় আমার ওপর নানা ধরনের হুমকি আসছে। তাই এলাকা ছেড়ে দূরে আসছি। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।”

মানিক পশারীর আরেক ভাই পান্না পশারী খুলনার বটিয়াঘাটায় থাকেন। ভাইয়ের মৃত্যুর খবর শুনে ২৪ অক্টোবর দুপুরে পিরোজপুরের পুরান বাসস্ট্যান্ডে গেলে তাকে হুমকি দিয়ে ফেরত পাঠানো হয় বলে তিনি অভিযোগ করেন। পান্না বলেন, “ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নিতে গিয়েও হুমকির কারণে পিরোজপুর থেকে তাদের চলে আসতে হয়েছে।”

এ বিষয়ে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর আব্দুর রব বলেন, “আমাদের দলের পক্ষ থেকে মানিক পশারীর পরিবারের কাউকে হুমকি দেওয়া হয়নি। এমনকি শুরু থেকেই আমাদের পক্ষ থেকে কোনো প্রকার হুমকি দেওয়া হয়নি। এটা নিয়ে বর্তমানে ষড়যন্ত্র চলছে।”

পিরোজপুর সদর থানার পুলিশ পরিদর্শক রাধেশ্যাম সরকার বলেন, “দাফনের পর এখন পর্যন্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি রয়েছে।” মানিক পশারীর বোন হেনা বেগম এলাকা ছেড়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি।”

উল্লেখ্য, মানিক পশারী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও পিরোজপুর-১ আসনের এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জামাতার বাড়িতে ছিলেন মানিক। তিনি দুই মাস ধরে অসুস্থ থাকার পর ২৪ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।

মানিক পশারীর মৃত্যুর পর পিরোজপুরে গার্ড অব অনার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় কিছু লোক তাকে এখানে দাফন না করার দাবি জানান। এ সময় পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জামায়াতের নেতা-কর্মীদের অবস্থান নিতে ও সমবেত হতে দেখা যায়। পরে গভীর রাতে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনরা। তখন পুলিশ পাহারায় ছিল। এর পর থেকে স্বজনরা আতঙ্কে রয়েছেন বলে অভিযোগ করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা