কুমিল্লা অফিস
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৫:১১ পিএম
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষের দরজায় টাঙানো প্রবেশসংক্রান্ত নির্দেশনা।ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সরকারি কর্মকর্তার কক্ষে ঢুকতে আগাম অনুমতি নেওয়া, দরজার সামনে অপেক্ষা করা কিংবা জুতা খুলে রাখার প্রচলিত আনুষ্ঠানিকতা
- এসব ধারণা থেকে সাধারণ মানুষকে বের করে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।
নিজের কার্যালয়ের দরজায় স্পষ্ট নির্দেশনা টাঙিয়ে দিয়েছেন,
অনুমতি ছাড়াই প্রবেশ করা যাবে, খুলতে হবে না জুতাও। তার এ উদ্যোগে প্রশাসন ও সাধারণ
মানুষের মধ্যকার দূরত্ব কমানোর একটি বার্তা উঠে এসেছে।
বৃহস্পতিবার থেকে ইউএনওর কক্ষের দরজায় শোভা পাচ্ছে বিশেষ
এ নির্দেশনা। সেখানে লেখা রয়েছে, ‘অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই,
জুতাসহ প্রবেশ করুন।’
নির্দেশনাটির মধ্য দিয়ে সেবাপ্রত্যাশীদের জন্য নিজের
কক্ষের দরজা উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন ইউএনও। ফলে কোনো নাগরিককে তাঁর সঙ্গে
দেখা করতে আগাম অনুমতি নেওয়া কিংবা জুতা খুলে বাইরে রেখে প্রবেশের আনুষ্ঠানিকতা
পালন করতে হবে না।
সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে অনেক সাধারণ মানুষ
কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলতে সংকোচ বোধ করেন। কখনো অনুমতির অপেক্ষা, কখনো
দাপ্তরিক আনুষ্ঠানিকতা, আবার কখনো মধ্যস্বত্বভোগীদের কারণে সেবাপ্রাপ্তি কঠিন হয়ে
পড়ে। এমন বাস্তবতায় বরুড়ার ইউএনওর এ উদ্যোগ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, প্রশাসনের সর্বস্তরে
সাধারণ মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা গেলে সরকারি সেবার প্রতি মানুষের
আস্থা বাড়বে। একই সঙ্গে নাগরিকের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি
কর্মকর্তাদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
বরুড়া পুজা উদযাপন পরিষদ সভাপতি ডা. তপন ভৌমিক
বলেন, বরুড়ার ইউএনওর এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা
বাড়াবে।’
আলমগীর হোসেন বলেন, ‘এটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
সরকারি অফিসে শৃঙ্খলা, নিয়মনীতি ও সৌজন্যবোধ বজায় রেখেই সাধারণ মানুষের
প্রবেশাধিকার সহজ করা প্রয়োজন। ইউএনওর এমন উদ্যোগ জনসেবার ক্ষেত্রে ইতিবাচক
দৃষ্টান্ত হয়ে থাকবে।’
উদ্যোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান
রনি বলেন, ‘সরকারি দপ্তর মানুষের সেবা দেওয়ার জন্য। সেবাপ্রত্যাশীরা যেন কোনো
সংকোচ বা দ্বিধা ছাড়াই তাদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই কার্যালয়ের
সামনে এ বার্তা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার কক্ষে আসতে আলাদা অনুমতির প্রয়োজন
নেই, জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেন সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে
পারেন, এটাই আমার প্রত্যাশা।’
সাধারণ মানুষের জন্য প্রশাসনের দরজা উন্মুক্ত রাখার এ
উদ্যোগ কতটা কার্যকরভাবে নাগরিক সেবা সহজ করে, সেটিই এখন দেখার বিষয়। তবে ইউএনওর
কক্ষের দরজায় টাঙানো ছোট্ট একটি নির্দেশনা সরকারি দপ্তরে জনবান্ধব পরিবেশ তৈরির
একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।