‘সরকারের মাল, দরিয়ায় ঢাল’
এনায়েতুর রহমান, পটুয়াখালী
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৪:৪৫ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ১৬:২৯ পিএম
কুয়াকাটার ধূলাসার ইউনিয়নের গঙ্গামতি তেত্রিশকানি এলাকায় নির্মাণাধীন গার্ডার সেতু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটার ধূলাসার ইউনিয়নের গঙ্গামতি তেত্রিশকানি এলাকায় খাল ও সংযোগ সড়ক না থাকা পরেও প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে একটি গার্ডার সেতু। এই সেতুটি নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, খাল ও চলাচলের রাস্তা ছাড়া সেতুটি নির্মাণে সরকারের বিপুল অর্থ ব্যয় হলেও বাস্তবে এলাকাবাসীর কোনো কাজে আসবে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) বিভিন্ন সূত্রে জানা যায়, ধূলাসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গঙ্গামতি তেত্রিশকানি এলাকায় বেড়িবাঁধের বাইরে ৩০ মিটার দৈর্ঘ্য, সাড়ে ৫ মিটার প্রস্থ, ৩টি গর্ডার ও ১ স্প্যান বিশিষ্ট সেতুটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ২০১৮-১৯ সালে ডিপিপির অন্তর্ভুক্ত হয়ে ২০২১-২২ অর্থবছরে নেওয়া প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয় প্রায় আড়াই কোটি টাকা। গেল বছর কোরবানি ঈদের পরে কাজ শুরু হয়েছে। জানা গেছে, চলতি বছরের শেষ দিকে কাজের মেয়াদ নির্ধারিত রয়েছে। এই সেতুর নির্মাণকাজের তদারকি করেনÑ কলাপাড়া উপজেলার প্রকৌশলী সাদেকুর রহমান, প্রকৌশলী মনিরুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী রাসেল ও বর্তমান উপ সহকারী প্রকৌশলী সায়েম। সাদেকুর রহমান ও রাসেল অন্যত্র বদলি করা হয়েছে।
এলজিইডির বিভিন্ন সূত্র, ঠিকাদার ও স্থানীয়রা জানান, বিগত আমলে কাজটির দায়িত্ব নিয়েছিলেন ঠিকাদার গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি। জল্পনা-কল্পনা রয়েছে, তৎকালীন এক নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগসাজশে ওই ঠিকাদার আরও কয়েকটি সেতু, সড়ক ও অবকাঠামো নির্মাণকাজ বাগিয়ে নিয়েছিলেন। ওই কাজ যথাসময়ে শেষ করা তার জন্য ছিল কঠিন। এছাড়া তখন অপ্রয়োজনীয় সেতু, অধিক প্রাক্কলিত ব্যয়, নানা অনিয়মÑএসব বিষয় নিয়ে চারদিকে তোলপাড় শুরু হয়। কাজ শেষ করতে গিয়ে দেখা দেয় নানান জটিলতা। এরপর সরকার পরিবর্তন হলে ঠিকাদার পালিয়ে বেড়াতে থাকেন।
৫ আগস্টের পর ওই সেতুর নির্মাণকাজের দায়িত্ব পান পটুয়াখালীর মির্জাগঞ্জের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের জসিম উদ্দিন খান। তবে ঠিকাদার পরিবর্তন ও কাজ হস্তান্তরের প্রক্রিয়ার বিষয়েও রয়েছে নানা প্রশ্ন ও ধোঁয়াশা। নির্মাণকাজে যথাযথ পাইলিং ও রড না দেওয়াসহ রয়েছে বিস্তর অভিযোগ। নতুন ভাগবাটোয়ারার মাধ্যমে ফয়সালা হওয়ায় সংশ্লিষ্ঠদের কাছ থেকে পাওয়া যায়নি কোনো সদুত্তর।
খাল নেই, সেতুর প্রয়োজনীয়তা নিয়ে অনেক প্রশ্ন
সরেজমিনে দেখা যায়, সেতুটির আশপাশে কয়েকটি বসতঘর থাকলেও সেখানে দৃশ্যমান কোনো খাল বা সেতুর সঙ্গে সংযুক্ত চলাচলের রাস্তা নেই। এতে সেতুটি নির্মাণের পর কিভাবে মানুষ তা ব্যবহার করবে তার কোনো চিন্তাভাবনা নেই। বেড়িবাঁধটির আশপাশে চলাচলের রাস্তা না থাকায় নতুনভাবে সংযোগ সড়ক করতে হলে আরও কয়েক কোটি টাকা (অর্থ বরাদ্দ সাপেক্ষে )ব্যয় করতে হবে। ফলে এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সংশয় দানাবেঁধে উঠেছে।
টুর গাইড অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বলেন, আমাদের এলাকায় উন্নয়ন হোক, এটা আমরা চাই। কিন্তু যেখানে খাল নেই। রাস্তা নেই। সেখানে এত টাকা খরচ করে সেতু নির্মাণের দরকারটা কী? সেতু নির্মাণের আগে মানুষের চলাচলের ব্যবস্থা ও জায়গার বাস্তব অবস্থা বিবেচনা করা উচিত ছিল।

স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন বলেন, সেতু হলে মানুষের উপকার হওয়ার কথা। কিন্তু এখানে সেতুর দুপাশে যাওয়ার মতো রাস্তা নেই। খালেরও অস্তিত্ব দেখা যাচ্ছে না। তাহলে এই সেতু দিয়ে মানুষ চলাচল করবে কীভাবে? প্রকল্পের টাকা খরচ হলেই তো উন্নয়ন হয় না। মানুষের কাজে আসতে হবে। ব্রীজের চেয়ে একটি সাইক্লোন শেল্টার আমাদের জন্য জরুরি।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা বলেন, আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসে সরেজমিনে দেখুক। জনগণের টাকায় এমন কোনো কাজ হওয়া উচিত নয়, যা শেষ পর্যন্ত মানুষের কোনো উপকারে আসবে না।
স্থানীয়দের আরও দাবি, খালের অস্তিত্ব না থাকায় কয়েক দিন আগে ভেকু দিয়ে খালের নকশা তৈরির মতো কাজ করতে দেখা গেছে। তাদের প্রশ্ন, প্রকল্প হাতে নেওয়ার আগে যথাযথভাবে স্থান পরিদর্শন, খালের অস্তিত্ব যাচাই এবং সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছিল কি না।
তবে এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ভেকু দিয়ে খালের যে নকশার কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহআলম জানান, সমতল ভূমি হওয়ায় সেখান থেকে ভেকু দিয়ে কিছু মাটি নেওয়া হয়েছে পাশের বেড়িবাঁধের ঢালে দেওয়ার জন্য। যার ফলে কয়েকটি খাদ তৈরি হয়েছে। সেখানে কোনো খাল খনন করা হয়নি।
হাঁটার সুবিধার কথা বলছে এলজিইডি
এ বিষয়ে কলাপাড়া উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সেতুটি হলে স্থানীয়দের হাঁটাচলায় সুবিধা হবে বলে দাবি করেন। তবে প্রকল্পটির প্রয়োজনীয়তা, নকশা, সম্ভাব্য উপকারভোগী, খালের অস্তিত্ব এবং পানি নিষ্কাশনের পরিকল্পনা সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। এ সময় তিনি এ নিয়ে কোনো খবর প্রকাশ না করার অনুরোধও জানান।
অন্যদিকে, নির্মাণকাজের বর্তমান দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জসিম উদ্দিন খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই সেতুর কাজটি ২০১৮-১৯ সালের ডিপিপি করা। এলাকায় বেড়িবাঁধের কাজ চলমান থাকায় আগে কাজ করতে দেয়নি। ওই সেতুর কাজটি মহিউদ্দিনদের নামে। তারা আলোচিত যে একটি ব্রীজের প্যাকেজ এনেছিল, তার সঙ্গে ছিল ওই সেতুর কাজ। আওয়ামী লীগ সরকার যাওয়ার পর ডিপার্টমেন্ট বাঁচার জন্য মির্জাগঞ্জের সহিদ ও আমাকে দিয়ে কাজটি করিয়েছে। প্রকল্প পরিচালক এসে জায়গা নির্ধারণ করে দেওয়ায় আমরা নির্মাণ করছি। সেতুর এক প্রান্তে সাবেক সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের বিশাল এলাকা জুড়ে অনেক জায়গা রয়েছে। ডিপার্টমেন্ট কর্য্যাদেশ দিয়েছে আমি নির্দেশনা অনুযায়ী তাদের তদারকিতে কাজ করেছি। তার প্রশ্ন পত্রিকায় নিউজ করে লাভ কি।

এদিকে সেতুটি জনবিচ্ছিন্ন এলাকায় হওয়ায় নকশা অনুযায়ী নির্মাণ কাজে পাইলিং, রড স্থাপন ঘাটতিসহ নানা অনিয়ম ও ত্রুটিপূর্ণভাবে নির্মাণকাজ করা হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্রের দাবি। সেতু প্রকল্পের নথি ও বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশের দাবি ছাড়াও প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ের এই সেতু নির্মাণের স্থান কীভাবে নির্বাচন করা হলো, প্রকল্প অনুমোদনের আগে খাল ও সংযোগ সড়কের অস্তিত্ব যাচাই করা হয়েছিল কি না, সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে কি না এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা কীÑ এসব প্রশ্নের জবাব চান স্থানীয় বাসিন্দারা। নকশা অনুযায়ী পাইলিং ও অন্যান্য কাজ না হওয়ায় এবং বেড়িবাঁধের বাইরে থাকায় এই সেতু টেকসই হবেনা বলে মনে করছেন অনেকে।
প্রকল্পটির নকশা, প্রাক্কলন, কার্যাদেশ, সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন ও বাস্তবায়ন পরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রকল্পটির প্রয়োজনীয়তা, নির্মিতকাজের সঠিক পরীক্ষা-নিরীক্ষা এবং পুরো বিষয়টি জনস্বার্থে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দাবি জানান তারা।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়ালিয়ার রহমান বলেন, সড়ক ও খাল না থাকলে কোনোভাবেই সেতু হতে পারেনা। হয়ে থাকলে এটি খুবই অনিয়ম হয়েছে। তিনি বিষয়টি কি হয়েছে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।
স্থানীয়দের প্রশ্ন, উন্নয়নের নামে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি যদি মানুষের চলাচল ও এলাকার যোগাযোগ ব্যবস্থায় কোনো অবদান রাখতে না পারে, তাহলে এই ব্যয়ের সুফল শেষ পর্যন্ত কারা ভোগ করবে? কাদের পকেটে যাচ্ছেÑএ ধরণের প্রকল্পের লুটপাটের টাকা, তা অনুসন্ধান করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।