× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরির ঘটনাকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১২:৩২ পিএম

সংঘর্ষে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংঘর্ষে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় চুরির ঘটনাকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন।

উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বাদামতল এলাকায় এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দফায় শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা মো. সুজন, যুবদল নেতা মো. আমজাদ এবং ছাত্রদলকর্মী জাহাঙ্গীর, টিপু, আজাদ, ইরফান, শুভ, বোরহান, রায়হান, মাশফি, আফজল, রাফি ও আরফান।

তাদের মধ্যে সুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, তিন দিন আগে বাদামতল এলাকায় নুরুল ইসলাম চেয়ারম্যানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ইরফান নামের এক কিশোরকে সন্দেহ করা হয়।

শুক্রবার সন্ধ্যায় হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সুজন ওই কিশোরকে ডেকে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য শাসিয়ে দেন বলেও জানান তারা। এ সময় যুবদল নেতা আমজাদ এর প্রতিবাদ করলে সুজনের সঙ্গে থাকা লোকজন তাকে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে আমজাদের পক্ষের লোকজন এসে সুজনসহ ৪-৫ জনকে মারধর করেন। পরে আহত সুজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

রাত সাড়ে ৯টার দিকে প্রাথমিক চিকিৎসা শেষে সুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়ার সময় হাসপাতালের প্রবেশমুখে আবারও হামলার ঘটনা ঘটে।

এ সময় আমজাদের অনুসারীরা সুজন ও তার লোকজনের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৩ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, আমজাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দীনের অনুসারী। অন্যদিকে সুজন হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত। সম্প্রতি হুলাইন পাইরোল উচ্চবিদ্যালয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর থেকে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছিল।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. হাদী জানান, সুজনকে চমেক হাসপাতালে পাঠানোর সময় হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে তিনি পুলিশকে খবর দেন। এ ঘটনায় মারামারিতে আহত ১০ জন পটিয়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রথমে হাবিলাসদ্বীপ ইউনিয়নের লোকজন এসে জঙ্গলখাইন ইউনিয়নের লোকজনকে মারধর করেন। এর জের ধরেই পরবর্তী সময়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, দুই পক্ষের মারামারির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা