× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ বছর ধরে ঝুলে আছে মুকুন্দবাড়ী হাইটেক পার্কের ভাগ্য

সজল জামান, জামালপুর

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১২:১৩ পিএম

উত্তরাঞ্চলের জেলা জামালপুরের তরুণ প্রজন্মের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও আইটি প্রশিক্ষণের বড় স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল মেগা প্রকল্প ‘জামালপুর  মুকুন্দবাড়ী হাইটেক পার্ক’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উত্তরাঞ্চলের জেলা জামালপুরের তরুণ প্রজন্মের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও আইটি প্রশিক্ষণের বড় স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল মেগা প্রকল্প ‘জামালপুর মুকুন্দবাড়ী হাইটেক পার্ক’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উত্তরাঞ্চলের জেলা জামালপুরের তরুণ প্রজন্মের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও আইটি প্রশিক্ষণের বড় স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল মেগা প্রকল্প ‘জামালপুর  মুকুন্দবাড়ী হাইটেক পার্ক’। তবে ৯টি বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন এখনো পুরোপুরি আলোর মুখ দেখেনি। দৃশ্যমান মূল অবকাঠামো দাঁড়ালেও কালক্ষেপণ ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে চলেছে প্রকল্প এলাকার মূল্যবান বৈদ্যুতিক ও প্রযুক্তিগত সরঞ্জাম।  নির্মাণাধীন এই পার্কটির কাজ সম্পন্ন করতে পুনরায়  নতুন সময়সীমা নির্ধারণ হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট বিভাগ।জামালপুর জেলা শহরের মুকুন্দবাড়ী এলাকায় ১৫৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫.২৩ একর জমির উপর পার্কটি একনেকে সভায় চূড়ান্ত অনুমোদন পায় ২০১৭ সালের ২৫ এপ্রিল। এরপর ওই বছরেই  ১ জুলাই কাজ শুরু হওয়া এই প্রকল্পটির মূল নির্মাণকাজ ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার আনুষ্ঠানিক সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করা ছিল।বর্তমানে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে ধীরগতিতে কাজ চলায় ভবনের ভেতরে ও বাইরে থাকা রড, সিমেন্টসহ অনেক দামী বৈদ্যুতিক ও প্রযুক্তিগত মালামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এত বড় মেগা প্রকল্প, যেখানে দৈনিক শত শত শ্রমিকের কাজ করার কথা থাকলেও তার ছিটেফোঁটাও নেই। হাতেগোনা কয়েকজন নির্মাণশ্রমিককে প্রায়ই কিছু না কিছু কাজ করতে দেখা যায়। প্রকল্প এলাকাটিতে সাধারণের চলাচল সংরক্ষিত হওয়ায় এবং চারদিকে টিনের প্রাচীর থাকায় এর কাজের প্রকৃত অগ্রগতি সাধারণ মানুষের কাছে পুরোপুরি ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।শহরের মুকুন্দবাড়ী এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম  বলেন, আমাদের ঘরের কাছে এত বড় একটা পার্ক হচ্ছে শুনে ভেবেছিলাম এলাকার ‘পোলাপান’ কাজ পাবে, তাদের আর কষ্ট করে ঢাকা যাওয়া লাগবে না। কিন্তু ৯ বছর ধরে শুধু বিল্ডিংয়ের কাঠামোই হতে দেখছি। এখানে কোটি কোটি টাকার সরকারি জিনিসপত্র রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে।আইটি উদ্যোক্তা ও ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চাওয়া স্থানীয় যুবক আব্দুল মমিন জানান, জামালপুরে পর্যাপ্ত আইটি অবকাঠামো কিংবা বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান না থাকায় আমাদের মতো তরুণদের বাধ্য হয়ে কাজের সন্ধানে রাজধানী ঢাকামুখী হতে হচ্ছে। ৯ বছর একটা প্রকল্পের জন্য অনেক দীর্ঘ সময়। আমরা চাই, অবিলম্বে সব জটিলতা দূর করে পার্কটি দ্রুত চালু করা হোক।জামালপুর হাইটেক পার্কের উপ-সহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’কে জানান, ২০১৭ সালের ১ জুলাই জামালপুরে হাইটেক পার্কটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। ৯ বছরেরও বেশি সময় পার হলেও বর্তমানে প্রকল্পের মাত্র ৪০% কাজ সম্পন্ন হয়েছে। দেশের রাজনৈতিক পটপরিবর্তনসহ নানা কারণে মাঝে কিছুদিন কাজ বন্ধ থাকলেও বর্তমানে তা পুনরায় শুরু হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী বাকি কাজ শেষ করতে আরও প্রায় ২ বছর সময় লাগবে বলে জানান এই কর্মকর্তা।প্রকল্পটির বর্তমান কাজেগতি নিয়ে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’কে জানান, নতুন করে সময়সীমা বৃদ্ধির মাধ্যমে ২০২৮ সালের জুনের মধ্যেই পার্কটির শতভাগ কাজ শেষ করার একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, জামালপুর জেলার জন্য এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় আইসিটি প্রকল্প। পার্কটির দ্রুত নির্মাণকাজ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক নজরদারি ও তদারকি করা হচ্ছে। এটি চালু হলে উত্তরাঞ্চলের এই জেলায় প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থানের পথ উন্মোচিত হবে। কাজের এই ধীরগতি ও অচলাবস্থার পেছনে অর্থায়ন, আমলাতান্ত্রিক জটিলতা এবং ঠিকাদারের সমন্বয়হীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তবে দিন শেষে লোকসান হচ্ছে রাষ্ট্রীয় তহবিলের এবং স্বপ্নভঙ্গ হচ্ছে এ অঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের। এই মেগা প্রকল্পটি কবে নাগাদ পুরোপুরি চালু হবে, কিংবা আদৌ এর সুফল জামালপুরবাসী পাবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছে জেলাবাসী।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা