মধ্যাঞ্চলীয় অফিস ও ইটনা (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১২:১১ পিএম
জব্দকৃত সার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ইটনায় অবৈধভাবে সার পাচারের সময় ১০৮ বস্তা সারসহ একটি নৌকা জব্দ করেছে নৌ পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
উপজেলার এলংজুরী ইউনিয়নের বাজারসংলগ্ন নৌকাঘাটে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নৌপথে একটি চক্রের অবৈধভাবে সার পাচারের গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি নৌকায় সার পরিবহনের বিষয়টি নিশ্চিত হন পুলিশ সদস্যরা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১০৮ বস্তা সার জব্দ করে পুলিশ।
ইটনা নৌ পুলিশের পরিদর্শক মো. জামাল হোসেন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সূত্রে তারা জানতে পারেন, একটি নৌকায় করে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে। সারগুলো এলংজুরী বাজারে খালাস করার কথা ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। পরে নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সার পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। জব্দ করা সার ও নৌকার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।