গাজীপুর সিটি প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১১:৪৭ এএম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থাপনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ওষুধের দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকার ১ নম্বর ভান্ডারীর গলিতে শনিবার ভোর ৪টার দিকে এ আগুন লাগে।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভোর সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, আগুনে একটি ওষুধের দোকান, তিনটি মনোহারি ও তিনটি ভাঙারির দোকান পুড়ে গেছে।
প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের হাত থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা গেছে বলে জানান তিনি।