× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ৪০ প্রতারক চক্র

ফরহাদ সুমন, চট্টগ্রাম

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১০:৪০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম মহানগরীতে সাইবার জালিয়াতি, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, বিনিয়োগের প্রলোভন ও ব্ল্যাকমেইলসহ নানা অপরাধে সক্রিয় রয়েছে অন্তত ৩৫ থেকে ৪০টি চক্র। নগরীর অভিজাত আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার আস্তানা গড়ে তুলেছে কয়েকটি চক্র। প্রযুক্তির অপব্যবহার ও মানুষের সরলতা এবং দ্রুত ধনী হওয়ার আকাঙ্ক্ষাকে পুঁজি করে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

গোয়েন্দা তথ্য অনুযায়ী চট্টগ্রামে সক্রিয় প্রতারক চক্রগুলোর মধ্যে ৩-৪টি আন্তর্জাতিক সাইবার স্ক্যাম, ১০-১২টি ভুয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে প্রতারণা এবং ১৫টির বেশি বিকাশ ও আর্থিক জালিয়াতিতে জড়িত। এ ছাড়া কাভার্ড ভ্যান ও প্রাতিষ্ঠানিক চুরিতে সক্রিয় রয়েছে ৫-৬টি চক্র।

অনুসন্ধানে জানা গেছে, খুলশী, নাসিরাবাদ, ওআর নিজাম রোড ও পতেঙ্গার অভিজাত ভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে আদালত ভবন ও জেলা প্রশাসক কার্যালয়কেন্দ্রিক এলাকায় সক্রিয় রয়েছে দালাল ও ভুয়া পুলিশ চক্র। ডবলমুরিং ও আগ্রাবাদ এলাকায় ভুয়া এলসি, চাকরির প্রতিশ্রুতি এবং রপ্তানিপণ্য চুরির মতো প্রতারণার অভিযোগও রয়েছে।

সম্প্রতি (১০ ও ১১ সেপ্টেম্বর) কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ২০ নারী ও এক শিশুসহ ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ, তারা পাসপোর্টহীন বাংলাদেশে অবস্থান করে আন্তর্জাতিক স্ক্যাম নেটওয়ার্ক পরিচালনা করছিলেন। অভিযানে আটটি সার্ভার স্টেশন, ৫৭টি ল্যাপটপ, ট্যাব ও ডেস্কটপসহ ১৭০ ধরনের ডিভাইস এবং জুয়া পরিচালনার সরঞ্জাম জব্দ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের পরিদর্শক রাসেল মাহমুদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী তারা বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করতেন। তাদের একটি গ্রুপ নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। 

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার মোহাম্মদ শামীম হোসেন জানান, কয়েক ধাপে ৬৩ বিদেশিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে।

নগরীতে আরেকটি উদ্বেগজনক প্রতারণা হানি ট্র্যাপ ও ব্ল্যাকমেইল। সামাজিক মাধ্যমে তরুণীদের মাধ্যমে ব্যবসায়ী ও বিত্তশালীদের প্রেমের ফাঁদে ফেলে নির্দিষ্ট স্থানে ডেকে আপত্তিকর ছবি-ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সেগুলো প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়।

এ ছাড়া ভুয়া বিনিয়োগ, এমএলএম, অনলাইন ট্রেডিং ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দ্বিগুণ মুনাফার প্রলোভন দেখিয়ে মধ্যবিত্ত ও শিক্ষার্থীদের টার্গেট করছে প্রতারকরা। চট্টগ্রাম কাস্টমসে কম শুল্কে পণ্য খালাস, নিলামের গাড়ি পাইয়ে দেওয়া এবং সরকারি চাকরির তদবিরের নামেও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

ভুয়া ডিবি, পিবিআই ও পুলিশ পরিচয়ে প্রতারণাও বাড়ছে। মামলার বাদী-বিবাদীদের ফোন করে গ্রেপ্তারি পরোয়ানা বা মামলার ভয় দেখিয়ে বিকাশে টাকা দাবি করছে চক্রের সদস্যরা। গত ২৫ সেপ্টেম্বর নোয়াখালীর সুধারাম থেকে মামলার তদন্ত কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মোজাম্মেল হককে গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন জানান, মোজাম্মেল হক প্রতারণার কথা স্বীকার করে সহযোগীদের বিষয়ে তথ্য দিয়েছেন। 

এদিকে কারাগারে বন্দিদের স্বজনদের টার্গেট করেও কারারক্ষী বা আদালতের পেশকার পরিচয়ে বন্দির অসুস্থতা কিংবা জামিনের আশ্বাস দিয়ে অর্থ দাবি করছে প্রতারকরা। পাশাপাশি কাভার্ড ভ্যান থেকে রপ্তানিমুখী তৈরি পোশাক চুরি করে সমপরিমাণ ঝুট বা কাদা-মাটি দিয়ে সিলগালা করার অভিযোগও রয়েছে।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহম্মেদ বলেন, “মোটরসাইকেল চোরচক্রটির অনেক সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মূল চক্র ভেঙে দিতে পুলিশ কাজ করছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা