× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে নিষেধাজ্ঞা শেষে ইলিশের বাজার জমজমাট

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ২২:৫০ পিএম

পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুর-আলীপুরে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার সকাল থেকেই প্রচুর ইলিশ উঠতে শুরু করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুর-আলীপুরে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার সকাল থেকেই প্রচুর ইলিশ উঠতে শুরু করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুর-আলীপুরে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার সকাল থেকেই প্রচুর ইলিশ উঠতে শুরু করেছে। বড় আকারের মা ইলিশের পাশাপাশি বাজারে এসেছে ছোট আকারের ইলিশও।

এতে ক্রেতাদের ভিড় বেড়েছে মৎস্য অবতরণ কেন্দ্র ও আড়তগুলোতে। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই বিপুলসংখ্যক মা ইলিশ ধরা পড়ায় ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর ছোট ট্রলার নিয়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যান জেলেরা। তবে শুক্রবার সকালে ফিরে আসা অধিকাংশ জেলের জালে প্রত্যাশিত ইলিশ ধরা পড়েনি। এতে হতাশা প্রকাশ করেছেন তাঁরা। অন্যদিকে, নিষেধাজ্ঞার আগেই গভীর সাগরে যাওয়া কিছু ট্রলার ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ নিয়ে ফিরেছে।

শুক্রবার সকাল থেকে জেলার বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর ও আলীপুরে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে। নিলামে প্রতি কেজি এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ৮০০ থেকে ১ হাজার টাকা এবং জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। গভীর সাগর থেকে সব মাছধরা ট্রলার ফিরে এলে দাম কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কুয়াকাটার ঝাউবাগান সংলগ্ন এলাকার জেলে সোহেল মীর বলেন, রাত ১২টার পরে সাগরে গিয়ে চর বিজয় সংলগ্ন সাগরে জাল ফেলার পর কয়েকটি ইলিশ পেয়েছি। আশা করেছিলাম ট্রলারভর্তি ইলিশ নিয়ে ফিরব। মাছ ধরা না পড়লে আমরা নতুন করে ধারদেনায় জর্জরিত হয়ে পড়ব।

লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের জেলে মাইনুদ্দিন ট্রলার মেরামত শেষ না হওয়ায় বৃহস্পতিবার রাতে সাগরে যেতে পারেননি। শুক্রবার রাতে যাবেন। তাঁর অভিযোগ, নিষেধাজ্ঞা মেনে চলা জেলেরা প্রত্যাশিত মাছ পাচ্ছেন না। অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করা কিছু জেলে মাছ নিয়ে ফিরেছেন। এমনকি ভারতের জেলেরা নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করেছেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুন্নবী বলেন, নিষেধাজ্ঞা সফল করতে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। গভীর সাগরে জাল ফেলতে পারলে জেলেরা বেশি মাছ পাবেন।

জেলা মৎস্য কর্মকর্তা বিজর কুমার নন্দী জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের দায়ে ১৫০ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ১৭৬টি মামলা করা হয়েছে এবং ৩ লাখ ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে ১ দশমিক ৩১৪ মেট্রিক টন ইলিশ ও ২১ লাখ ৪৪৫ মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

উল্লেখ্য, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে সব ধরনের মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা