চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ২২:৪৪ পিএম
চট্টগ্রামে শুরু হয়েছে দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট-সিজন ৩’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামে শুরু হয়েছে দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট-সিজন ৩’। ফুটসালের পাশাপাশি আগামী ৪ নভেম্বর প্রথমবারের মতো শুরু হচ্ছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের শাটলারদের অংশগ্রহণে এই আয়োজন ঘিরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ।
শুক্রবার বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেলসংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে উদ্বোধনী ম্যাচে ক্লিফটন গ্রুপ ১-০ গোলে কনফিডেন্স সিমেন্টকে পরাজিত করে। ম্যাচসেরা হন ক্লিফটন গ্রুপের নওশাদ। দিনের দ্বিতীয় ম্যাচে পিএইচপি ফ্যামিলি ২-০ গোলে চৌধুরী গ্রুপকে হারায়।
এবারের প্রতিযোগিতায় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। গ্রুপ-এ: এশিয়ান গ্রুপ, কনকর্ড ও এক্সপো ফ্রেইট। গ্রুপ-বি: কনফিডেন্স সিমেন্ট, ক্লিফটন গ্রুপ ও সাউথইস্ট ব্যাংক। গ্রুপ-সি: এ অ্যান্ড ই, বিকাশ ও কেএসআরএম এবং গ্রুপ-ডি: ডেকাথলন, পিএইচপি ফ্যামিলি ও চৌধুরী গ্রুপ। গ্রুপ-ই: এন মোহাম্মদ, আকিজ শিপিং ও মার্স্ক। গ্রুপ-এফ: বনফুল, নগদ ও ফোর এইচ গ্রুপ, গ্রুপ-জি: কেডিএস ফ্যাশন, মামিয়া ওপি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং গ্রুপ-এইচ: মাফ ফ্যামিলি, রবি ও পি-টু-পি ফার্নিচার অংশ নিচ্ছে।
এদিকে আগামী ৪ নভেম্বর প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। এতে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের খ্যাতনামা শাটলাররা অংশ নেবেন। আগামী ৬ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার পর্দা নামবে।
ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিরুল হক, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী ও এনামুল আজিজ চৌধুরী লিটন, জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি এবং এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি পরিচালক সাকিফ আহমেদ সালাম।
সুন্দর একটি ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের জন্য এশিয়ান গ্রুপকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া কার্ড চালু করেছেন, যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক উদ্যোগ।
টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, বাবা মোহাম্মদ আবদুস সালামের অনুপ্রেরণা থেকেই খেলাধুলার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা তৈরি হয়েছে।
এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে একই আয়োজনে যুক্ত করা, পারস্পরিক পরিচিতি বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগের অন্যতম উদ্দেশ্য। এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি একে অপরের কাছ থেকে শেখার সুযোগ পাবেন।