এসএসসি
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ২১:৫৫ পিএম
চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ফাইল ছবি
এসএসসি পরীক্ষার দুটি বিষয়ের উত্তরপত্রে শূন্য নম্বর পেলেও প্রকাশিত ফলাফলে নম্বর দেখানো হয়েছে ৪৫। খাতা পুনঃনিরীক্ষণের সময় এ অসংগতি ধরা পড়ার পর ফলাফল জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থী ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মচারীসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন। শুক্রবার বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন তিনি।
মামলার আসামিরা হলেন, শিক্ষার্থী হাসিবুল আলী শোভন এবং শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম ও নূর হোসেন রায়হান।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, হাসিবুল আলী শোভন এ বছর আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেন। অভিযোগ অনুযায়ী, পরীক্ষায় ১০টি বিষয়ে অকৃতকার্য হলেও প্রকাশিত ফলাফলে তার নম্বর পরিবর্তন করে তাকে উত্তীর্ণ দেখানো হয়। এ ঘটনায় শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারীকে দায়ী করা হয়েছে।
বোর্ডের তথ্যমতে, গত ১০ আগস্ট এ বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে শোভনকে সব বিষয়ে উত্তীর্ণ দেখানো হয়। ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ ছিল। ওই সময় শোভনের পক্ষ থেকেও পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়।
শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ওই শিক্ষার্থীর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সময় খাতায় প্রাপ্ত নম্বরের সঙ্গে প্রকাশিত ফলাফলের নম্বরের অমিল পাওয়া যায়। পরীক্ষক বিষয়টি শিক্ষা বোর্ডকে জানান। পরে অভ্যন্তরীণ তদন্তে শিক্ষার্থীর আরও কয়েকটি বিষয়েও একই ধরনের অনিয়মের তথ্য পাওয়া যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী কলেজে ভর্তির আগেই ওই শিক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মামলা করার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শিক্ষা বোর্ডের তিন কর্মচারীসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে।