সাইদুল ইসলাম মন্টু, বেতাগী (বরগুনা)
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ২১:০৩ পিএম
বেতাগী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরগুনার বেতাগী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ১১টি অনুমোদিত পদের মধ্যে ৯টিই শূন্য। চিকিৎসক ছাড়াই মাত্র দুই কর্মচারী দিয়ে চলছে উপজেলার একমাত্র সরকারি পশু হাসপাতালটির কার্যক্রম।
এতে ব্যাহত হচ্ছে গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসা, সম্প্রসারণ ও পরামর্শসেবা। প্রয়োজনীয় সেবা না পেয়ে খামারিরা বাধ্য হচ্ছেন গ্রাম্য চিকিৎসকদের শরণাপন্ন হতে। জনবল সংকটের পাশাপাশি ওষুধের ঘাটতিও বাড়িয়েছে তাঁদের দুর্ভোগ। ফলে উপজেলার বিপুলসংখ্যক প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
সংশ্লিষ্ট দপ্তরসূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ২৭ এপ্রিল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ বদলী হন। এরপর একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের হাজার হাজার খামারি এবং লক্ষাধিক গবাদিপশুর চিকিৎসার দায়িত্ব পড়ে একমাত্র ভেটেরিনারি সার্জন মো. ইকবাল হোসেনের ওপর। তিনিও গত ১৭ অক্টোবর বদলী হওয়ায় দপ্তরটি আরও শূন্য হয়ে পড়েছে। বর্তমানে এই দপ্তরে ১১টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র দুজন কর্মচারী। যারমধ্যে চিকিৎসক পদ শূণ্য।
প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তথ্যমতে, এই ভেটেরিনারি হাসপাতালটিতে একজন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, একজন ভেটেরিনারি সার্জন, তিনজন উপসহাকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ), একজন উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য), একজন উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন), একজন ড্রেসার ও একজন অফিস সহায়কসহ ৯টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য। বর্তমানে একজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দিয়ে চলছে দপ্তরের কার্যক্রম।
গড়ে প্রতিদিন প্রায় দুইশত সেবা গ্রহীতা খামারি ও গবাদী পশুর মালিক সম্প্রসারণ ও পরামর্শসেবা নিতে এ হাসপাতালের দ্বারস্থ হন। তবে মাত্র দুইজন কর্মচারীর পক্ষে উপজেলার প্রায় ৬০ হাজার গরু, ২৬ হাজার ছাগল, ২১৫টি ভেড়া, ৭১৭টি মহিষ এবং ৯ লাখেরও বেশি হাঁস-মুরগির চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত অসম্ভব হয়ে পড়েছে।
খামারিদের অভিযোগ, চিকিৎসকের অভাবে পশু হাসপাতালে গিয়েও কোন লাভ হয় না। তাই গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নেন। এক্ষেত্রে চিকিৎসায় ভুল হলেও করার কিছুই থাকে না।
উপজেলার মোকামিয়া ইউনিয়নের খামারি সোহরাব হোসেন বলেন, এখনে গরু-ছাগলের অসুখ হলে কোন ডাক্তার মেলে না। মাত্র দুজন কর্মচারি কর্মরত রয়েছেন তারা প্রাণীর চিকিৎসাইবা কি করবেন এবং কতদিকে দৌড়াবেন। সদর ইউনিয়নের ভুক্তভোগি নাজমা বেগম জানান, চলতি মাসে সরকারি কোন ডাক্তার না পাওয়ায় তার দুইটি অসুস্থ ছাগল মারা গেছে। পৌরসভাধীন খামারি নান্টু সিপাহী জানান, সরকারি হাসপাতালে চিকিৎসক না থাকায় খামারের গবাদিপশু অসুস্থ হলে এখন বাধ্য হয়ে গ্রাম্য চিকিৎসকদের শরণাপন্ন হন।
দপ্তরে কর্মরত ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট শিবলী সাদিক বলেন, জনবল সংকটে আমাদের হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসকের অভাবে গবাদিপশুর কঠিন রোগে সেবা দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, খামারিদের দুর্ভোগ লাঘবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের জন্য জোরালোভাবে সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে বেতাগী উপজেলার অতিরিক্ত দায়িত্বরত ও বরগুনা জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে জনবল সংকট নিরসনে একাধিকবার জেলা মাসিক সন্বয় দাবি করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যতদ্রুত সম্ভব জনবল নিয়োগ দিয়ে এ সমস্যার সমাধান করা হবে।