গাজীপুর সিটি প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৯:৫৮ পিএম
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গ্যাসের রাইজার লিকেজ সার্ভে করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিতাস গ্যাস ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তার বনরূপা রোড এলাকায় এ ঘটনা ঘটে। তিতাস গ্যাসের কর্মকর্তাদের দাবি, আবাসিক গ্রাহকদের গ্যাসের লিকেজ লাইন মেরামতের জন্য বিল বই দেখতে গেলে সার্ভে টিমের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় ছয়জন আহত হয়। তাদের মধ্যে চারজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান হয়।
হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেনÑ গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া এলাকার বিল্লাহ হোসেনের ছেলে শাহা পরান (২৬), আব্দুল হামিদের ছেলে রনি (৩৫), ইব্রাহিম আকনের ছেলে ইউসুফ আকন (২৪) এবং সালনা এলাকার মো. শাহীনের ছেলে মো. তারেক (২২)। আহত অন্য দুজন হলেন সানজিদ ও সিয়াম।
ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল সার্ভিসেসের মালিক নাসির উদ্দিন আকন বলেন, ‘চার মাস ধরে এ কাজ চলছে। আগামী জানুয়ারি পর্যন্ত কাজ চলার কথা রয়েছে। চারটি গ্রুপে মোট ১৬ জন কর্মী কাজ করছেন। ঘটনার সময় চারজন কাজ করছিলেন, পাশেই আরও চারজন ছিলেন। হামলায় কারও মাথা ফেটেছে, কারও হাত ভেঙেছে।
এ বিষয়ে তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সুরুজ আলম বলেন, গ্যাসের সিস্টেম লস কমানো এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান কার্যালয়ের পরামর্শ ও সরকারি নির্দেশনা অনুযায়ী আবাসিক গ্রাহকদের লিকেজ লাইন মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল সার্ভিসেস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।