প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৯:৫৪ পিএম
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি বাস স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক মারা গেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের বিভিন্ন স্থানে গত বুধবার ও বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় শিশু, বাবা-ছেলে, যুবক, আরোহীসহ ৮ জন মারা গেছেন। ছয় জেলায় এই মৃত্যুর ঘটনা ঘেটেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
নেত্রকোণা : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ৬ বছর বয়সী ছেলে মারা গেছে। এ এক নারীও গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৬)। শাহীন কেন্দুয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তাদের বাড়ি উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া-নেত্রকোণা সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলেসহ এক নারী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল (টাঙ্গাইল) : জেলার ঘাটাইলে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিন যাত্রী। শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি বাস স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মোকসেদুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে হয়েছে।
চারঘাট (রাজশাহী) : জেলার চারঘাটে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফরিদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার পুঠিমারী গ্রামের শুকুর মন্ডলের ছেলে। চারঘাট মডেল ওসি আব্দুন নূর বলেন, দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
বোয়ালমারী (ফরিদপুর) : দাদাবাড়িতে জিয়াফত খেতে যাওয়ার আনন্দ ছিল মনে। বাবার অটোভ্যান চালিয়ে মাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১১ বছরের বায়েজিদ শেখ। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। মায়ের চোখের সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কায় ছিটকে গিয়ে পাশের আরেকটি গাছের ওপর পড়ে প্রাণ হারায় বায়েজিদ। দুর্ঘটনায় তার মা ছিটকে পড়েন পাশের ধানক্ষেতে। সংবিৎ ফেরে পেয়ে ছুটে এসে দেখে বুকের মানিক নিথর দেহে পড়ে আছে সড়কে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের গণি খাঁর মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বায়েজিদ শেখ উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক মিল্টন শেখের ছেলে।
পীরগঞ্জ (রংপুর) : রংপুরের পীরগঞ্জে নানার সঙ্গে হেঁটে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মাসুম বিল্লাহ নামের চার বছরের এক শিশু মারা গেছে। শুক্রবার বিকালে উপজেলার চতরা হাটের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ উপজেলার রামনাথপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামের সুমন মিয়ার ছেলে।
ঢাকা : রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শহীদুল্লাহ (৩৭) ও আরিয়ান (২৭) নামে দুই যুবক মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে রামপুরা ব্রিজের ওপর রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন শহীদুল্লাহ। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শহীদুল্লাহ ডেমরার নড়াইবাগ এলাকার হারুন অর-রশিদের ছেলে।
অন্যদিকে শুক্রবার ভোরে যাত্রাবাড়ীর জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় নিহত হন আরিয়ান। তিনি ফুটপাতে জুতা বিক্রি করতেন। ব্যবসায়িক কাজ শেষে ভোররাত সাড়ে ৩টার দিকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। নিহতের বেয়াই সোহাগ মিয়া জানান, স্থানীয় পথচারীরা আরিয়ানের মোবাইল ফোন থেকে তাকে খবর দেন। পরে তিনি আরিয়ানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ভোরে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।