পাবনা প্রতিবেক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৯:৪৫ পিএম
পাবনার আতাইকুলার পুষ্পপাড়া বাজারে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে একই দিক দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
পাবনার আতাইকুলার পুষ্পপাড়া বাজারে ছয় মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা রিপন হোসেন ও হাটের ইজারাদার আব্দুস সালাম নিহতের ঘটনায় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মর্মান্তিক দৃশ্য।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে পশ্চিম দিক থেকে এসে মাত্র এক মিনিটের মধ্যে গুলি করে হত্যা করা হয় দুজনকে। এরপর ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে একই দিক দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। ১২ বছর আগে বাজারে একই কায়দায় চারজনকে হত্যার ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে এই জোড়া খুন। একই সঙ্গে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
নিহত রিপন হোসেন আতাইকুলা থানায় এলাকা ধর্মগ্রামের মৃত ওমেদ আলীর ছেলে এবং আতাইকুলা থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এবং আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারী ছেলে। আব্দুস সালাম পুষ্পপাড়া হাটের ইজারাদার। আব্দুল সালাম শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ৫ আগস্ট পরবর্তীতে জামায়াতের বিভিন্ন মিছিল-মিটিংয়ে দেখা গেছে।
স্থানীয়রা জানায়, ২০১৪ সালের ৩০ মে সন্ধ্যায় আতাইকুনা থানা এলাকার ঢাকা-পাবনা মহাসড়কের এই পুষ্পপাড়া বাজারেই প্রকাশ্যে ঠিক একইভাবে গুলি চালিয়ে চারজনকে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর সেই হত্যাকাণ্ডের রহস্য আজও উদঘাটন করতে পারেনি পুলিশ। এক যুগ পর আবারও রক্তাক্ত হলো বাজার এলাকাটি।
নিহত আব্দুস সালামের ভাই আব্দুল কালাম বলেন, আমার পরিবারকে নিশ্চিহ্ন করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২০১৪ সালের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। সেই হত্যাকাণ্ডের সময় আমি জেলে ছিলাম, তবু আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল। এই এলাকায় অপরাধীরা আমাদের কারণে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করতে পারে না, এ জন্যই আমাদের পরিবারকে নিশ্চিহ্ন করতে চাইছে।
পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। আশা করছি অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারব।