গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৯:৪১ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬ ১৯:৪৭ পিএম
প্রতিকী ছবি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসার বাবুর্চি ও তার সহকারী রান্না শেষে ছাত্রদের খাবার দিচ্ছিলেন।
এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি খাবার চেয়ে না পেয়ে কাঠের গুঁড়ি (চলা) দিয়ে বাবুর্চি ও সহকারীকে মারধর করলে ঘটনাস্থলেই বাবুর্চি মারা যান। গুরুতর আহত হন নারী সহকারী। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত বাবুর্চির নাম ফজের আলী সরদার (৭০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত আহমদ আলী সরদারের ছেলে। আহত নারী সহকারী সোনা বান বিবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর দৌলতদিয়া সিদ্দিক কাজীপাড়ার মৃত সাইমুদ্দিন শেখের স্ত্রী। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, ভারতের মেদেনীপুর তরিকার আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসার বাবুর্চি ফজের আলী শুক্রবার দুপুরে রান্না শেষে হোস্টেলের ছাত্রদের খাবার পরিবেশন করছিলেন। দুপুর সোয়া ২টার দিকে অজ্ঞাতপরিচয় এক মানসিক প্রতিবন্ধী বাবুর্চির কাছে গিয়ে খাবার চান। এ সময় খাবার না পেয়ে পাশেই রান্না করার কাঠের গুঁড়ি (চলা) নিয়ে অতর্কিতভাবে বাবুর্চির মাথা ও ঘাড়ে আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই বাবুর্চি ফজের আলীর মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্র লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উত্তেজিত জনতার হাতে আটক মানসিক প্রতিবন্ধী অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।