ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৭:১৮ পিএম
ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফল ঘোষণার পর ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
শুক্রবার সেখানে গিয়ে দেলাওয়ার হোসেনের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। একে অপরকে মিষ্টিমুখও করান। এ সময় আগামী দিনে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফয়সল।
এ সময় তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়। নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতার পর এমন সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমীন দেলাওয়ার হোসেনকে সঙ্গে নিয়ে আগামীর ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। অন্যদিকে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন জামায়াতের এই নেতা। পরে তারা পরস্পরকে মিষ্টিমুখ করান।
এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফয়সল আমীন। তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।
নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গন ছিল সরগরম। প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ, ভোটারদের কাছে যাওয়া এবং নানা রাজনৈতিক বক্তব্যে মুখর ছিল নির্বাচনি এলাকা। ভোটের মাঠে দুই প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফল ঘোষণার পরদিনই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গিয়ে সৌজন্যের নজির স্থাপন করলেন বিজয়ী প্রার্থী।