নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৬:৫৮ পিএম
বরিশাল নগরের কীর্তনখোলা নদীতে খাদ্য গুদামের পন্টুনের কাছে ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালে খাদ্যগুদামের জন্য আনা ৩০০ মেট্রিক টন গমবাহী একটি কার্গো জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নগরের কীর্তনখোলা নদীতে খাদ্য গুদামের পন্টুনের কাছে এ ঘটনা ঘটে।
কোস্ট গার্ডের একটি জাহাজের ধাক্কায় কার্গোটির তলদেশে ফাটল ধরে পানি ঢুকতে শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় জাহাজটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়।
দুর্ঘটনার শিকার কার্গো জাহাজটির নাম ‘ডি বি পাপিয়া’। এর ইনচার্জ মো. মানিক জানান, গত ২৬ অক্টোবর খুলনা থেকে ৩০০ মেট্রিক টন গম নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হন তারা। বৃহস্পতিবার কীর্তনখোলা নদীর খাদ্যগুদামের পন্টুনে এসে জাহাজটি নোঙর করেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ডের একটি জাহাজ এসে তাদের কার্গোতে সজোরে ধাক্কা দেয়। এতে কার্গোর তলদেশে ফাটল ধরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে জাহাজটি ডুবতে থাকলে প্রশাসনের লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেন।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় কার্গোটি ডুবে যাওয়া থেকে রক্ষা করা হয়। বর্তমানে জাহাজটি আশঙ্কামুক্ত।
বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সাঈদ বলেন, নিয়মিত খাদ্য মজুদের অংশ হিসেবে ৩০০ মেট্রিক টন গম আনা হয়। তবে খালাসের আগেই কার্গোটি দুর্ঘটনার শিকার হয়। কিছু গম পানিতে ভিজে গেলেও অধিকাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নিরূপণ করা হবে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।