× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, অবশেষে মামলা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৬:৪১ পিএম

বাকেরগঞ্জ থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাকেরগঞ্জ থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর দুই স্বজনের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চাইতে থানায় গিয়ে মামলা না নেওয়া এবং উল্টো সাত বছরের কারাদণ্ডের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেনের বিরুদ্ধে। তবে কয়েক দিন পর ভুক্তভোগী নববধূর মামলা গ্রহণ করেছে পুলিশ। 

শুক্রবার সকালে ভুক্তভোগী নববধূকে থানায় ডেকে নিয়ে তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেন ওসি আদিল হোসেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী এলাকার ওই নববধূকে গত ১৯ অক্টোবর রাতে তাঁর সৎ ভাসুর ইমরান প্যাদা (৩৮) ও প্রতিবেশী চাচা শ্বশুর রাকিব প্যাদার (২৬) বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠে। নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে সৎ ভাসুর ইমরান তাঁকে প্রথমে বাজারে নিয়ে যান। পরে ওই দিন রাতে বাড়ি ফেরার পথে তাঁকে নির্জন স্থানে নিয়ে এ ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার পর গত ২৩ অক্টোবর প্রতিকার চেয়ে বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরবর্তীতে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তিনি বাকেরগঞ্জ থানায় যান।

ভুক্তভোগীর অভিযোগ, থানায় ওসি আদিল হোসেনের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ ও কাগজপত্র উপস্থাপন করলেও তিনি মামলা গ্রহণে অস্বীকৃতি জানান। উল্টো তাঁর কাছে কোনো প্রমাণ নেই এবং জামাকাপড়সহ গোসল করায় আলামত নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেন। ধর্ষণের অভিযোগ প্রমাণ করতে না পারলে ভুক্তভোগীর নিজেরই সাত বছরের কারাদণ্ড হতে পারে বলেও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন ওই নববধূ। এ সময় ওসির বিরুদ্ধে আপত্তিকর ও বিদ্রূপাত্মক মন্তব্য করারও অভিযোগ তোলেন তিনি।

তবে শুক্রবার সকালে তার মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমরান প্যাদা ও রাকিব প্যাদা পলাতক রয়েছেন বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভুক্তভোগীর স্বামী জীবন প্যাদা, শ্বশুর সুলতান প্যাদা ও শাশুড়ি ফাতেমা বেগম অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে মামলা না নেওয়া ও ভুক্তভোগীকে সাত বছরের কারাদণ্ডের ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন। তাঁর দাবি, ভুক্তভোগীকে মামলা করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি তখন মামলা করতে অস্বীকৃতি জানান। এ কারণে তাঁরা সেদিন থানা থেকে চলে যান। পরবর্তীতে শুক্রবার সকালে ভুক্তভোগীকে থানায় ডেকে তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি।

পাদ্রীশিবপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুদ হাসান বলেন, “একজন অসহায় নারী বিচারের আশায় থানায় গিয়ে যদি সুরক্ষার পরিবর্তে ভয়ভীতি ও দুর্ব্যবহারের শিকার হন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়।”

এ বিষয়ে বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান এর আগে বলেছিলেন, “গণধর্ষণের ঘটনায় ওসির মামলা না নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি যদি মামলা না নিয়ে ভুক্তভোগীকে উল্টো ভয় দেখিয়ে থাকেন, তাহলে তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

অবশেষে মামলা গ্রহণের পর ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি ওসির বিরুদ্ধে ওঠা মামলা না নেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন সচেতন মহল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা