× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন আতঙ্কে উপকূলবাসী

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৬:২৮ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬ ১৬:২৮ পিএম

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর ভয়াবহ ভাঙনে প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর ভয়াবহ ভাঙনে প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর ভয়াবহ ভাঙনে প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের আঘাতে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিভাগ-২-এর আওতাধীন ৭/১ পোল্ডারের বাঁধে এ ভাঙন দেখা দেয়। এ ছাড়া নদী খননে বেতনা নদীর বুধহাটা বাজারসংলগ্ন এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে বন্যতলা গ্রামসহ পাশের প্রতাপনগর ও বুধহাটা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছে উপকূলবাসী।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার ৬৮০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৪১ দশমিক ১৮ কিলোমিটার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এর মধ্যে বিভাগ-১-এর আওতায় আটটি স্থানের প্রায় চার কিলোমিটার এবং বিভাগ-২-এর আওতায় ৩৭ দশমিক ১৮ কিলোমিটার বাঁধ ঝুঁকিতে রয়েছে। এদিকে ভাঙনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক করা হয়। বসতভিটা ও জনপদ রক্ষায় রাতেই বাঁধের কাছে ছুটে আসে বন্যতলা ও পাশের প্রতাপনগর ইউনিয়নের সহস্রাধিক মানুষ। তারা স্বেচ্ছাশ্রমে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেন। গত বুধবারও ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কাজ অব্যাহত ছিল।

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ো হাওয়া ও খোলপেটুয়া নদীর প্রবল ঢেউয়ের আঘাতে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে ভাঙন দেখা দেয়। এতে প্রায় ৩০০ ফুট বাঁধ ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। কোনো কোনো স্থানে বাঁধের মাত্র এক থেকে দেড় ফুট অংশ অবশিষ্ট রয়েছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয়দের সতর্ক করা হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগে থেকে প্রস্তুত রাখা বালুভর্তি জিও ব্যাগ দিয়ে জরুরিভিত্তিতে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৭/১ পোল্ডারের বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। বাঁধ সংস্কারের জন্য আগেই খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাবুল এন্টারপ্রাইজকে দায়িত্ব দেওয়া হয়। ভাঙন প্রতিরোধে ব্যবহারের জন্য বালুভর্তি হাজার হাজার জিও ব্যাগও প্রস্তুত রাখা হয়েছিল। তবে সেগুলো সময়মতো ঝুঁকিপূর্ণ অংশে ফেলা হয়নি। আগে থেকেই জিও ব্যাগ ফেলা হলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হতো বলে মনে করছেন তারা।

স্থানীয় ঘের মালিক রবিউল ইসলাম বলেন, বাঁধ সংস্কারের জন্য বিপুলসংখ্যক জিও ব্যাগ প্রস্তুত রাখা হলেও সেগুলো সময়মতো ঝুঁকিপূর্ণ স্থানে ব্যবহার করা হয়নি। ফলে নদীর প্রবল স্রোতে বাঁধ ধসে পড়েছে। ভাঙন পরিস্থিতি সম্পর্কে আশাশুনি উপজেলা ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, খবর পাওয়ার পরপরই পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি সাতক্ষীরা জেলা প্রশাসক ও শ্যামনগর উপজেলা ইউএনওকেও জানানো হয়েছে।

সাতক্ষীরা পাউবো বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, ভাঙনের খবর পাওয়ার পর রাতেই সেখানে লোক পাঠানো হয়। আগে থেকে প্রস্তুত রাখা বালুভর্তি জিও ব্যাগ স্থানীয়দের সহযোগিতায় ভাঙনস্থলে ফেলা হচ্ছে। বুধবার বিকালের মধ্যে এ কাজ শেষ করা গেলে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে।

জিও ব্যাগ ফেলতে দেরির বিষয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, বন্যতলার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের জন্য আগেই ঠিকাদার নিয়োগ করা হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান জিও ব্যাগে বালু ভরে সেগুলো প্রস্তুতও রেখেছিল। তবে টাস্কফোর্সের মাধ্যমে ব্যাগ গণনা ও চিহ্নিত করার পর সেগুলো ভাঙনস্থলে ফেলার নিয়ম রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে জিও ব্যাগ ফেলতে কিছুটা দেরি হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা